যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা নৈতিকতার বিষয়টিতে নজরদারি করা কর্তৃপক্ষ ‘অফিস অব কংগ্রেসনাল এথিকস’-এর তদারকি ক্ষমতা খর্বের পদক্ষেপ থেকে গতকাল মঙ্গলবার পিছু হটেছেন। আগের দিন সোমবার প্রস্তাব পাস হওয়ার পরও এ নিয়ে আপত্তি জানিয়ে ট্রাম্পের টুইটের পর গতকাল জরুরি বৈঠক ডেকে সেই প্রস্তাব বাতিল করা হয়েছে।
সোমবার রিপাবলিকান আইনপ্রণেতারা ওই কর্তৃপক্ষের ক্ষমতা খর্বে আইনের সংশোধনীর প্রস্তাব পাস করেছিলেন। প্রস্তাবে নৈতিকতা বিষয়ে তদারকির দায়িত্ব আইনপ্রণেতাদের কাছেই দেওয়ার কথা বলা হয়।
রিপাবলিকান নেতা ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদের সোমবারের পদক্ষেপের সমালোচনা করে গতকাল এক টুইট বার্তায় বলেন, ‘ওই পদক্ষেপ প্রকৃতপক্ষেই নৈতিকতা তদারককারী স্বাধীন কর্তৃপক্ষকে দুর্বল করবে। কর সংস্কার, স্বাস্থ্যসেবা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেখানে মনোযোগ দেওয়া দরকার।’
ট্রাম্পের এই টুইটের পর রিপাবলিকান এমপিরা পাস করা সংশোধনী প্রস্তাব প্রত্যাহার করেন। প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদন করাতে ভোটাভুটির মাত্র কয়েক ঘণ্টা আগে এ পদক্ষেপ নিলেন তাঁরা। এ বিষয়ে একজন রিপাবলিকান নেতা বলেন, গতকাল পরিষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে ‘রুলস প্যাকেজ’ থেকে ওই সংশোধনী সরিয়ে নেওয়া হয়।
প্রতিনিধি পরিষদের সব সদস্য ও কর্মকর্তার যেকোনো অসদাচরণের অভিযোগের তদন্তের ক্ষমতা আছে অফিস অব কংগ্রেসনাল এথিকসের। এটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হলেও আইনজীবীদের নিয়ে গড়া এ কর্তৃপক্ষের সাজা দেওয়ার ক্ষমতা নেই।
সোমবার আইনের সংশোধনী প্রস্তাব পাসের আগে রিপাবলিকান নেতা ও স্পিকার পল রায়ানও এর বিরোধিতা করেছিলেন। কিন্তু রিপাবলিকান আইনপ্রণেতারা সেই আপত্তি অগ্রাহ্য করেই তা পাস করেন।
রিপাবলিকান পার্টির ভার্জিনিয়ার কংগ্রেসম্যান বব গুডল্যাটের আনা এ প্রস্তাব ১১৯-৭৪ ভোটে পাস হয়। সোমবার তিনি বেলন, নৈতিক পর্যালোচনা প্রক্রিয়া ‘শক্তিশালী’ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক বিবৃতিতে তিনি দাবি করেছিলেন, ‘নৈতিকতাবিষয়ক কার্যালয় কংগ্রেসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং নতুন সংশোধন তাদের কার্যক্রমে কোনো বাধা হবে না।’
যুক্তরাষ্ট্রের অফিস অব কংগ্রেসনাল এথিকস এখন পর্যন্ত কোনো আইনপ্রণেতাকে নৈতিকতা-সংক্রান্ত কারণে শাস্তি দেয়নি।