সিরিয়া নিয়ে ট্রাম্প-পুতিন বাগযুদ্ধ
রাশিয়ার রাজধানী মস্কোয় গতকাল বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এর মধ্যেই সিরিয়া নিয়ে বাগযুদ্ধে জড়ালেন এ দুই দেশের প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় ‘এক জন্তুকে’ (প্রেসিডেন্ট বাশার আল-আসাদ) সমর্থন জোগাচ্ছে রাশিয়া।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইন লঙ্ঘন করেছে এবং ট্রাম্প ক্ষমতায় আসার পর গত তিন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আস্থার সম্পর্ক আরও খারাপ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল মিরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সিরিয়ায় রাসায়নিক গ্যাস হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা দেখেছেন, ফুটফুটে শিশুগুলো তাদের বাবার কোলে মরে পড়ে আছে; কিংবা দেখেছেন, বাচ্চাগুলো বাঁচার জন্য ছটফট করছে।’ ট্রাম্প আরও বলেন, ওই গ্যাস হামলার ঘটনায় বিকল্প কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে তিনি তাঁর প্রতিরক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন। এরপরই সিরিয়ার বিরুদ্ধে কঠিনভাবে ওই আঘাত হানা হয়েছে।
সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘খোলাখুলি বলতে গেলে, পুতিন এমন একজনকে সমর্থন দিচ্ছেন, যিনি সত্যিকারের খারাপ লোক। রাশিয়া যদি সিরিয়ায় হস্তক্ষেপ না করত; এই ‘জন্তুকে’ সমর্থন না দিত, তবে আপনারা এখন কোনো সমস্যা দেখতে পেতেন না।’ তবে তিনি এ-ও বলেন, ‘আপনারা যা বুঝছেন ঠিক তা-ই; আমরা সিরিয়া যুদ্ধে জড়াচ্ছি না।’
এদিকে মির টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট পুতিন ওই গ্যাস হামলার জন্য সিরিয়া সরকার দায়ী বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ নাকচ করে দেন। বলেন, সিরিয়া তার রাসায়নিক অস্ত্রের ভান্ডার আগেই ত্যাগ করেছে।
পুতিন বলেন, ‘সিরীয় বাহিনী রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে, সেটার প্রমাণ কী? একটাও প্রমাণ নেই।’ ওই ঘটনার জের ধরে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বরং যুক্তরাষ্ট্রই আন্তর্জাতিক আইন ভেঙেছে। এটাই বাস্তব কথা।’