ট্রাম্পের দায়িত্ব গ্রহণ পর্বে যা যা থাকছে
ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে অনেক তারকা এবং রাজনীতিবিদ হাজির থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন। তবু আড়ম্বরপূর্ণ আয়োজন করতে যাচ্ছেন ট্রাম্প ও তাঁর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
ট্রাম্পের দায়িত্ব নেওয়া উপলক্ষে যে যে আয়োজন রয়েছে
আজ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি
সকাল ১০টা ৩৫ মিনিট: লিঙ্কন মেমোরিয়ালে শুরু হবে দিনব্যাপী কনসার্ট। নাম দেওয়া হয়েছে ভয়েস অব দ্য পিপল।
বেলা সাড়ে তিনটা: আর্লিংটনের জাতীয় সমাধিতে মার্কিন বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন ট্রাম্প ও পেন্স।
বিকেল চারটা: কনসার্টে বক্তব্য দেবেন ট্রাম্প। ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন! ওয়েলকাম সেলিব্রেশন’ শীর্ষক এই আয়োজন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
কাল শুক্রবার, ২০ জানুয়ারি
সকাল: ট্রাম্প ও মেলানিয়াকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন বারাক ওবামা ও মিশেল ওবামা। দুই দম্পতি মোটর শোভাযাত্রায় কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে যাবেন।
সকাল সাড়ে ৯টা: ট্রাম্পের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শুরু হবে সংগীতায়োজনের মাধ্যমে। কংগ্রেসের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ ও কূটনীতিবিদেরা সেখানে উপস্থিত থাকবেন। সাবেক মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে জিমি কার্টার, বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ উপস্থিত থাকবেন। জর্জ ডব্লিউ বুশের বাবা সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র অসুস্থ থাকায় অনুষ্ঠানে হাজির হতে পারছেন না।
বেলা সাড়ে ১১টা: সূচনা বক্তব্য। ধর্মীয় নেতারা বক্তব্য দেবেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন পেন্স। শপথবাক্য পাঠ করাবেন ক্ল্যারেন্স থমাস। এরপর ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। অভিষেকের পর ভাষণ দেবেন ট্রাম্প।
দুপুর সাড়ে ১২টা: অনুষ্ঠানের সমাপ্তি। কংগ্রেসের মধ্যাহ্নভোজনে অংশ নেবেন ট্রাম্প ও পেন্স দম্পতি।
বেলা তিনটা: উদ্বোধনী শোভাযাত্রা। ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউসের পথে প্রায় আড়াই কিলোমিটার শোভাযাত্রায় অংশ নেবেন ট্রাম্প দম্পতি।
শনিবার, ২১ জানুয়ারি
সকাল ১০টা: ওয়াশিংটনের জাতীয় গির্জায় আন্তধর্মীয় প্রার্থনায় অংশ নেবেন ট্রাম্প ও পেন্স।