
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফর তাঁর ইউরোপীয় মিত্র দেশগুলোর নেতাদের একরকম বিভ্রান্তই করল। ইউরোপীয় নেতারা ন্যাটো সম্মেলনে দেখেন ট্রাম্পের বাগাড়ম্বর ও বেপরোয়া ভঙ্গি। আর তারপরই জি৭ সম্মেলনে ট্রাম্প দেখালেন আপসের মনোভাব। যদিও জলবায়ু পরিবর্তন নিয়ে জি-৭ মিত্রদের সঙ্গে ট্রাম্পের অচলাবস্থা রয়ে গেছে।
ইতালির সিসিলি দ্বীপে বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জি৭ নেতাদের জটিল বিতর্ক মনোযোগ দিয়ে শুনেছেন ট্রাম্প। এ সময় তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হেসেছেন এবং উসকানিমূলক টুইটার বার্তা দেওয়া থেকে বিরত থেকেছেন। অথচ এর আগেই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনি ন্যাটোর সদস্য দেশগুলোকে একহাত নেন তারা প্রতিরক্ষা খাতে আরও বেশি খরচ করছে না বলে। ট্রাম্প মন্টেনিগ্রোর প্রধানমন্ত্রীর ওপর ক্ষোভ ঝেড়েছেন এবং জার্মানিকে উদ্দেশ করে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন।
ট্রাম্পের নয় দিনের সফর সৌদি আরব থেকে শুরু হয়েছিল। মধ্যপ্রাচ্যে গিয়ে তিনি সৌদি আরব-মার্কিন সম্পর্ক ও ইরানের হুমকি নিয়ে কথাবার্তা বলেছেন। ইসরায়েল-ফিলিস্তিন অঞ্চলে গিয়ে সেখানকার শান্তিপ্রক্রিয়া নিয়েও গালভরা কথাবার্তা বলে এসেছেন। ট্রাম্প যখন এত কিছু সেরে দেশে ফিরছেন, ইউরোপীয় কর্মকর্তারা তখন মিশ্র অনুভূতিতে আচ্ছন্ন: প্রথমত ট্রাম্প ধৈর্য সহকারে তাঁদের আলোচনা শুনেছেন বলে একধরনের স্বস্তি, দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ট্রাম্পের দ্বিমুখী বা অমীমাংসিত অবস্থানে অস্বস্তি।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এ নিউ আমেরিকান সোসাইটির বিশেষজ্ঞ জুলিয়ান স্মিথ বলেন, এসব আচরণে ট্রাম্পের কৌশলগত অনিশ্চয়তার প্রকাশ ঘটেছে। বৈরী বিষয়গুলো মোকাবিলার সময় তিনি এ রকম অস্পষ্ট অবস্থান নিতে পারেন। কিন্তু মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করতে গেলে এমনটা চলে না।
জি৭-এর অন্য দেশগুলোর নেতারা বাণিজ্য, রাশিয়া প্রসঙ্গ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতভেদ দূর করতে ব্যর্থ হয়েছেন। তবে শেষ অবধি তাঁরা বলেছেন, এ সম্মেলনের ফলাফল তাঁদের ধারণার চেয়ে ভালোই হয়েছে।
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির প্রতি সম্মান জানিয়ে জোটের নেতারা একটি যৌথ বিবৃতি দিতে চেয়েছিলেন। কিন্তু এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জি৭-এর অন্য ছয় সদস্য দেশের মতৈক্য হয়নি।
বাণিজ্যের ব্যাপারে ট্রাম্প মিত্রদের চাপে নিজের সংরক্ষণবাদী অবস্থান বিষয়ে কিছুটা নমনীয় হয়েছেন। আর রাশিয়ার ব্যাপারে তিনি আগের অবস্থান থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। সিসিলি সম্মেলনের আয়োজক দেশ ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনি বলেন, ‘ট্রাম্পকে খুবই কৌতূহলী, একসঙ্গে কাজ করতে আগ্রহী মনে হয়েছে। তাঁর প্রশ্ন করার সামর্থ্য ও ইচ্ছা আছে। সেই সঙ্গে আছে আলোচকদের কাছ থেকে শেখার আগ্রহ।’