ট্রাম্পের দোরগোড়ায় এবার পারমাণবিক বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের অফিস, বাড়ি ও হোটেলকক্ষে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) তল্লাশি চালিয়ে কম্পিউটার ও নানা নথিপত্র জব্দ করার ঘটনাকে এক মার্কিন অ্যাটর্নি ট্রাম্পের দোরগোড়ায় বোমা ফেলার সঙ্গে তুলনা করেছিলেন। এক দিন পর ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথল ঘটনাটিকে বোমা নয়, ট্রাম্পের দোরগোড়ায় ক্ষেপণাস্ত্র-সজ্জিত পারমাণবিক বোমা পড়ার সঙ্গে তুলনা করেছেন। তিনি গত মঙ্গলবার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

এ কথা বলার কারণ, গোপন নথিপত্র এফবিআইয়ের হাতে পড়ার ফলে ট্রাম্পের অনেক গোপন ও সম্ভবত বেআইনি কার্যকলাপ ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে। ট্রাম্পের ব্যক্তিগত গোপনীয়তার রক্ষক হিসেবে পরিচিত মাইকেল কোহেন গত এক-দেড় দশকে প্রেসিডেন্টের পক্ষে এমন অনেক কাজই করেছেন, যা বেআইনি বা সন্দেহজনক। গত তিন দশকে ট্রাম্প চার হাজার মামলায় আসামি হয়েছেন, যার অনেকগুলো কোহেনের মধ্যস্থতায় আদালতের বাইরে মিটমাট করা হয়েছে। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস ও প্লেবয় মডেল ক্যারন ম্যাকডুগাল তাঁদের অন্যতম।

জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তের প্রধান কৌঁসুলি রবার্ট ম্যুলারের অনুরোধে নিউইয়র্কের ফেডারেল অ্যাটর্নি জেফ্রি বারম্যান ট্রাম্পের আইনজীবীর অফিসে তল্লাশির অনুমতি দেন। ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার গ্রহণের পর ট্রাম্প এই পদে তাঁর নিয়োগ অনুমোদন করেন। ভাবা হচ্ছে, পর্যাপ্ত প্রমাণপত্র না থাকলে বারম্যান এই তল্লাশি অনুমোদন করতেন না।

ট্রাম্প তাঁর ব্যক্তিগত আইনজীবীর অফিস তল্লাশিকে ‘আমেরিকার ওপর হামলা’ বলে যে অভিযোগ করেছেন, অধিকাংশ নিরপেক্ষ ভাষ্যকার মনে করেন, প্রেসিডেন্ট আসলে ভয় পেয়েছেন। এ কথা অজ্ঞাত নয় যে উৎকোচ দিয়ে মুখ বন্ধ করার জন্য কোহেন ট্রাম্পের পক্ষে আরও অনেকবারই ঘুঁটি-চালাচালি করেছেন। এবার হয়তো সেসব ফাঁস হবে। এই তল্লাশির সমালোচনা করে ট্রাম্প বলেছেন, তাঁর ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে সম্পর্কের গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে।

আইন বিশেষজ্ঞেরা অবশ্য এই দাবির সঙ্গে একমত নন। স্টর্মির কাছে প্রদত্ত উৎকোচের ব্যাপারে ট্রাম্প বলেছেন, এ নিয়ে তিনি কিছু জানেন না। সে কথা সত্যি হলে এ ব্যাপারে মক্কেল-উকিল গোপনীয়তার অধিকার রক্ষার প্রশ্ন ওঠে না। ওয়াশিংটন পোস্ট-এর কাছে এক সাক্ষাৎকারে সাবেক ফেডারেল কৌঁসুলি প্যাট্রিক কটার বলেছেন, মক্কেল-উকিল গোপনীয়তার যে দাবি ট্রাম্প করেছেন, তা ধোপে টেকে না।

তল্লাশির ব্যাপারটায় ট্রাম্প এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে তিনি এখন পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে ম্যুলারকে বহিষ্কার করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সারা দিন তিনি উপদেষ্টাদের সঙ্গে এই নিয়ে সলাপরামর্শ করেছেন। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইচ্ছা করলে ম্যুলারকে যেকোনো সময় পদচ্যুত করতে পারেন।

আইন বিশেষজ্ঞরা অবশ্য সে কথার সঙ্গে একমত নন। যে শর্তে ম্যুলারকে নিয়োগ দেওয়া হয়েছে, তাতে বলা আছে, বিশেষ কৌঁসুলিকে পদচ্যুত করার ক্ষমতা একমাত্র অ্যাটর্নি জেনারেলের রয়েছে। যেহেতু চলতি অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স রাশিয়া তদন্ত থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, তাই এই কাজ এখন আইনত করার ক্ষমতা রয়েছে একমাত্র ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইনের। রিপাবলিকান বিশেষজ্ঞরা অবশ্য পাল্টা যুক্তি দেখিয়েছেন, প্রেসিডেন্ট চাইলে বিচার বিভাগের সেই বিধি যেকোনো সময় বাতিল বলে ঘোষণা করতে পারেন। তারপর ম্যুলারকে বহিষ্কারে ট্রাম্পের জন্য আইনত কোনো বাধাই থাকবে না।