ট্রাম্পের দোরগোড়ায় বোমা ফাটালেন ম্যুলার

>ট্রাম্পের আইনজীবী কোহেনের অফিসে তল্লাশি চালিয়ে কম্পিউটার ও দলিল-দস্তাবেজ নিয়ে গেছে এফবিআই।
সোমবার সকালে নিউইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের অফিসে এসে তাঁর কম্পিউটার ও বিভিন্ন দলিল-দস্তাবেজ নিয়ে গেছেন এফবিআইয়ের এজেন্টরা। বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারের অনুরোধে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এই তল্লাশির অনুমতি দেন। অফিস ছাড়াও কোহেনের বাড়িতেও এই তল্লাশি চলে।
এই সংবাদে ট্রাম্প এতটা ক্ষিপ্ত হয়েছেন যে হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এই বলে নালিশ করেন, কাজটা শুধু জঘন্যই নয়, তা রীতিমতো আমেরিকার ওপর হামলা। রাশিয়ার সঙ্গে ট্রাম্প ক্যাম্পেইনের আঁতাত নিয়ে রবার্ট ম্যুলার যে তদন্ত করছেন, তাকে ফের একটি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘আমরা যা কিছু মূল্যবান মনে করি, এই তল্লাশির মাধ্যমে তার ওপর আক্রমণ করা হলো।’
ট্রাম্পের এই দাবির সমালোচনায় ডেমোক্রেটিক ভাষ্যকার পল বেগালা বলেছেন, গত নির্বাচনে রাশিয়ার সরাসরি হস্তক্ষেপকে ট্রাম্প কখনো আমেরিকার ওপর হামলা বলে স্বীকার করেননি। অথচ, তাঁর ব্যক্তিগত আইনজীবীর দপ্তরে যে তল্লাশির অনুমতি দিয়েছেন ট্রাম্পের নিয়োগকৃত একজন রিপাবলিকান বিচারক, তাকে কীভাবে আমেরিকার ওপর হামলা বলা যায়, তা বোধগম্য নয়।
রাশিয়া তদন্তের কথা বলা হলেও এই তল্লাশির আসল লক্ষ্য পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের অর্থ আদান-প্রদান বলে ভাবা হচ্ছে। প্রায় এক দশক আগে ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্প প্রণয় সম্পর্কে জড়িত ছিলেন। সে কথা যাতে প্রকাশ না পায়, সে জন্য তাঁর মুখ বন্ধ রাখতে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ২০১৬ সালের নির্বাচনের মাত্র ১১ দিন আগে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না, এই অর্থ কোন খাত থেকে এসেছে তাও তিনি জানেন না। কোহেন নিজের বাড়ি বন্ধক রেখে এই অর্থ জোগাড় করেছেন বলে জানিয়েছেন, সে কথাও তাঁদের মতে আদৌ বিশ্বাসযোগ্য নয়। এখন এফবিআইয়ের এজেন্টরা কোহেনের অফিস থেকে যে প্রমাণপত্র জব্দ করেছেন, তা থেকে হয়তো বেরিয়ে আসবে আসলে এই অর্থ কে দিয়েছে, ট্রাম্পই বা এ বিষয়ে কখন, কী জেনেছেন।
নির্বাচনের ফলাফল প্রভাবিত করার জন্য যদি স্টর্মিকে এই অর্থ দেওয়া হয়ে থাকে, তা মার্কিন নির্বাচনী আইনবিধির লঙ্ঘন বলে পরিগণিত হবে। এ দেশে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ২ হাজার ৭০০ ডলার নির্বাচনী চাঁদা প্রদান আইনসম্মত বলে বিবেচিত। অন্যদিকে কোহেন যদি ট্রাম্পের অজ্ঞাতে স্টর্মির সঙ্গে মুখ বন্ধ রাখার চুক্তির অংশ হিসেবে এই অর্থ দিয়ে থাকেন, সেটাও বেআইনি একটি কাজ হবে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনবিধি অনুসারে মক্কেলের অনুমতি ছাড়া কোনো আইনজীবী তাঁর পক্ষে কোনো চুক্তি করতে পারেন না, করলে তা অনৈতিক ও বেআইনি।
অন্য কথায়, তাঁদের মধ্যে এই নিয়ে কথা-চালাচালির কোনো প্রমাণপত্র পাওয়া গেলে ট্রাম্প ও তাঁর আইনজীবী ভালোভাবে ফেঁসে যাবেন বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞেরা। ওয়াশিংটন পোস্ট মন্তব্য করেছে, মাইকেল কোহেন শুধু ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী নন, তাঁর সব ‘সিক্রেটের’ সংরক্ষক, ব্যবসা থেকে ব্যক্তিগত সব বিষয়েই কোহেনের ওপর ট্রাম্প নির্ভর করতেন। ফলে কোহেনের ফাইলপত্র থেকে কেঁচো খুঁড়তে কোন সাপ বেরোবে, এ কথা আগাম বলা কঠিন। একজন সাবেক ফেডারেল অ্যাটর্নির উদ্ধৃতিতে পত্রিকাটি জানিয়েছে, কোহেনের দপ্তর তল্লাশির মাধ্যমে ম্যুলার ট্রাম্পের দোরগোড়ায় একটা বোমা ফাটিয়েছেন।
ট্রাম্প অনেক আগে থেকেই বলে আসছেন ম্যুলারের তদন্ত ডেমোক্র্যাটদের একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এই তদন্ত অবিলম্বে বন্ধের জন্য তিনি ম্যুলারকে বরখাস্ত করতে চান, এমন কথাও বেশ আগে থেকেই শোনা গেছে। কোহেনের ফাইল জব্দের ঘটনার পর তেমন সম্ভাবনা কয়েক গুণ বেড়ে গেল বলে ভাবছেন বিশেষজ্ঞেরা। সোমবার একজন সাংবাদিক ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করেন, তিনি ম্যুলারকে পদচ্যুত করবেন কি না। জবাবে ট্রাম্প নিজের বিচার বিভাগ ও এফবিআইয়ের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, যা ঘটছে তা খুবই ন্যক্কারজনক। অনেকেই তাঁকে ম্যুলারকে পদচ্যুতির পরামর্শ দিয়েছে, সে কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, দেখা যাক কী করা যায়।
গত বছরেই ট্রাম্প ম্যুলারকে পদচ্যুত করার কথা ভেবেছিলেন, কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়ার কথা ভেবে তাঁর আইনজীবীরা তেমন কিছু না করতে প্রেসিডেন্টকে পরামর্শ দেন। তা ছাড়া সরাসরি ম্যুলারকে পদচ্যুত করার ক্ষমতাও ট্রাম্পের নেই। এ জন্য তাঁকে নির্ভর করতে হবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইনের ওপর, কিন্তু রোজেনস্টাইন জানিয়েছেন, ম্যুলারের তদন্তের ওপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে।