ট্রাম্পের দ্বিতীয় শ্রেণির নাগরিকত্ব মানবে না বাংলাদেশি ড্রিমাররা
বাংলাদেশি বংশোদ্ভূত নাইম, অজেয় অথবা মনোলোভার ভবিষ্যতে দেশে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এই তিনজনই এমন এক সময় বাবা-মায়ের সঙ্গে এ দেশে পাড়ি জমিয়েছিলেন যখন তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার বয়স ছিল না। কাগজপত্রহীন বাবা-মায়ের সন্তান হিসেবে তাঁরা লজ্জিত নন, বরং নিজেরা যুক্তরাষ্ট্রের জাতীয় উন্নতিতে অবদান রাখছেন, কাজ করছেন নিজেদের স্বপ্ন পূরণে। এত দিন জেনেছিলেন, নির্দিষ্ট সময় পার হলেই তাঁরা আমেরিকার নাগরিকত্ব পাবেন। তারপর বাবা-মাকে বৈধ করে নিতে পারবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে তাঁদের সেই স্বপ্নের ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল (ডাকা) প্রকল্প বা ড্রিমার অ্যাক্ট। প্রেসিডেন্ট ওবামার আমলের এই বিধানকে তুড়ি মেরে এক নির্বাহী আদেশে বাতিল করেছিলেন তিনি। এখন সেটা আবার বহাল রাখার জন্য যুদ্ধ চলছে ডেমোক্র্যাটদের তরফে। এ নিয়ে যুদ্ধ চলছে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে, যুদ্ধ চলছে ড্রিমারদেরও।
নাইম ইসলামের বয়স এখন ২৫ বছর। ৯ বছর বয়সে বাবা-মায়ের হাত ধরে আসেন যুক্তরাষ্ট্রে। এই ১৪ বছরে তাঁর জীবনযাপন, চলাফেরা, বন্ধুত্ব, স্বপ্ন—সবই আমেরিকা ঘিরে। কুইন্স কলেজ থেকে পড়াশোনা শেষে নিজ অধিকার সম্পর্কে সচেতন হতেই একজন অভিবাসন অধিকার কর্মী হিসেবে নিজের নাম লিখিয়েছেন।
শরীয়তপুরে জন্ম নেওয়া নাইমের মতো আমেরিকায় বিভিন্ন দেশের আরও ৭ লাখ ৯০ হাজার ড্রিমার আছেন। বাবা-মায়ের এখনো কাগজপত্র নেই। প্রেসিডেন্ট ওবামার আমলে এমন কাগজপত্রহীন বাবা-মায়ের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য ডাকা প্রকল্প হাতে নেওয়া হয় যা ড্রিম অ্যাক্ট নামে পরিচিত। নাইমের সেই সুবিধা কিছুদিন আগে নবায়ন করা হয়েছে। ফলে আরও বছর খানিক এ দেশে কাজের অনুমতি আছে তাঁর। এরপরের ভবিষ্যৎ তাঁর জানা নেই। অথচ তারা ঘোষণা দিয়ে সামনে এসেছিল। কারণ, রাষ্ট্র তাদের সুরক্ষা দেওয়ার অঙ্গীকর করেছিল। স্বঘোষিত কাগজপত্রহীন নাইমের পরিবারের মাথার ওপর এখন আমেরিকা থেকে বিতাড়নের খড়্গ ঝুলছে।
নাইম বলেন, ‘এটা তো মেনে নেওয়া যায় না। আমি এখন বাংলাদেশে ফিরে কি করব। আমি তো বাংলা ভাষাও ঠিকমতো শিখতে পারিনি। আমার স্বপ্ন, আমার বেড়ে ওঠা, আমার স্বপ্ন আমেরিকাকে ঘিরে। আমার জন্য দ্বিতীয় কোন টিক চিহ্ন নেই, যাতে আমি অপশন হিসেবে টিক দেব।’
নাইম বলেন, ‘আমি দীর্ঘমেয়াদি সমাধান চাই চাই। ডেমোক্র্যাট নেতারা ড্রিম আইন কার্যকর করার কথা বলছেন। কিন্তু তাঁরা ট্রাম্পের প্রস্তাবে সহজেই ছাড় দিচ্ছেন বলে মনে হচ্ছে। আমাকে যদি নির্দেশনা দেওয়া হয়, আমি ১০ বছর পর নাগরিক হতে পারব। আমি মেনে নিলাম প্রস্তাব। কিন্তু শুধু আমার নিজের জন্য আমি চাই না। আমার বাবা-মাকে বহিষ্কার করা হবে, সেটা আমি কীভাবে মেনে নেব। যদি ড্রিম আইন পাস না হয় তার পুরো দায়ভার সিনেটে বিরোধী দলের প্রধান চাক শুমারের ওপরে পড়বে।’
নাইমের মতো আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ড্রিমার অজেয় ইউসুফ। ঢাকার ধানমন্ডিতে কৈশোর ফেলে আসা অজেয় ১৪ বছর বয়সে দুবছরের বোন মনোলোভাসহ আমেরিকায় আসেন। বাবা-মায়ের এ দেশে থাকার বৈধ কাগজপত্র নেই। অজেয় ইউসুফ বলেন, কাগজপত্রহীন কেউ নিজেদের কাগজপত্রহীন ঘোষণা দিলে নির্দিষ্ট একটি সময় পর তাঁরা নাগরিকত্ব পাবে। সরকারের এমন প্রতিশ্রুতিতে তারা নিজেদের ডাকা প্রকল্পের জন্য আবেদন করে। এখন সেই কাগজপত্রহীন অভিবাসী তরুণদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এটি তাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতারণা ছাড়া আর কিছু নয়।
অজেয় বলেন, ‘আমার বয়স এখন ২৬। বলা হচ্ছে, আমাকে আরও ১৩ বছর পরে নাগরিক হতে হবে। তাহলে এত দিন আমি কেন আয়করে দিচ্ছি? আবার বলা হচ্ছে, আমাকে নাগরিকত্ব দেওয়া হলেও আমি আমার বাবা-মাকে বৈধ করার আবেদন করতে পারব না। আমি আমার বাবা-মাকে ছেড়ে থাকব কীভাবে। ট্রাম্প প্রশাসন যেসব বিষয় নিয়ে দর-কষাকষি করছে তাতে একটি বিষয় পরিষ্কার, আমাদের দ্বিতীয় শ্রেণির নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছে যেটা পুরোপুরি অবিচার। আমরা এই অবিচার সইব না। আইন যত শক্ত হবে, ত্রুটিপূর্ণ হবে, আমরা ততটাই সংগঠিত হব।’
বাংলাদেশি বংশোদ্ভূত ড্রিমার নাইম ইসলাম আর অজেয় ইউসুফের বক্তব্য বেশ পরিষ্কার। নাইম বলছেন, ট্রাম্পের দাবি অনুয়ায়ী ডেমোক্র্যাটরা তো সবই মেনে নিচ্ছে। গভর্নমেন্ট বন্ধ হওয়ার বড় কারণ শুধু ড্রিম অ্যাক্ট নয়। এর সঙ্গে অভিবাসন আইনের সংস্কারের নামে যা বলা হচ্ছে তাও আছে। যে দেয়াল নির্মাণ কখনই ডেমোক্র্যাটরা মেনে নেয়নি, সেটাতে অর্থছাড়ে কীভাবে সিনেট নেতা চাক শুমার রাজি হচ্ছেন—সেটি আমরা বুঝি না। এর মাধ্যমে আরও লাখ পরিবারকে তাদের সন্তানদের থেকে চিরকালের জন্য বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমরা চাই, সব অভিবাসন প্রত্যাশী মানুষের জন্য রাষ্ট্র নৈতিক আচরণ করুক।’
অজেয়-এর কথাও একই রকম। তিনি বলেন, ‘রাষ্ট্র আমাদের জন্য ডাকা প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি থেকে রাষ্ট্র সরে যেতে পারে না। আমরা শুনছি এখন ডাকা প্রকল্পে ডোনাল্ড ট্রাম্প নোংরা কিছু কালিমা লেপন করতে চান। সেটা আর ক্লিন থাকছে না। যেখানে নাগরিকত্ব পাওয়ার জন্য আমাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর আরও একটা লম্বা সময় পাড়ি দিতে হবে। আবার আমরা নাগরিকত্ব পেলেও বাদ যাবেন আমাদের বাবা মায়েরা। এ রকম কালিমাসহ ডাকা প্রকল্পের বিনিময়ে ট্রাম্প আরও হাজারো/লাখ পরিবারের ওপর আইনি ছড়ি ঘোরাতেই সীমান্তে দেয়াল নির্মাণ করবেন। তাতে সম্মতি দিচ্ছে ডেমোক্রেটিক পার্টি। সেটা আমরা মেনে নিতে পারছি না’
বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ ড্রিমারদের মতো ট্রাম্পের এমন অনেক শর্তই মেনে নিতে পারছেন না ৭ লাখ ৯০ হাজার স্বাপ্নিক তরুণ, যাদের আমেরিকা ডাকে ড্রিমার হিসেবে। এই ড্রিমাররা এখন আরও সংগঠিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নিচ্ছেন দীর্ঘ মেয়াদি জীবনযুদ্ধের প্রস্তুতি। ৮ ফেব্রুয়ারির যেন ডোনাল্ড ট্রাম্পকে কোনো ছাড় না দেওয়া হয়, সেই চাপ সৃষ্টিই আপাতত তাঁদের লক্ষ্য। এরপরের পদক্ষেপ কী হবে—সেই ছকও কষছেন বাংলাদেশি ড্রিমাররা।