ট্রাম্পের ধনকুবের হওয়ার রহস্য ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বরাবর দাবি করে এসেছেন, তিনি বিশ্বের একজন সেরা ধনী লোক হয়েছেন সম্পূর্ণ নিজের চেষ্টায়। এটি তাঁর অসাধারণ ব্যবসায়িক বুদ্ধি ও মেধার প্রমাণ। বাবার কাছ থেকে ঋণ হিসেবে পেয়েছিলেন মাত্র এক মিলিয়ন ডলার। বাকি সবকিছু তাঁর নিজের। 

তবে নিউইয়র্ক টাইমস প্রায় দেড় বছর ধরে পরিচালিত এক অনুসন্ধানে সম্পূর্ণ ভিন্ন এক ছবি পেয়েছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত দীর্ঘ প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নিজের ও বাবা ফ্রেড ট্রাম্পের ধন সংগ্রহের পেছনের গোপন রহস্যটি হলো কর ফাঁকি দেওয়া, আর্থিক অনিয়ম ও জালিয়াতি।

ফ্রেড ট্রাম্পের ব্যবসায়িক কাগজপত্র ও কর প্রদানের হিসাবের ভিত্তিতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আয় গোপন করে ও কর ফাঁকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বিপুল অর্থ উপার্জনে সক্ষম হন।

প্রতিবেদন অনুসারে, ফ্রেড ট্রাম্প তাঁর ছেলে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবসায় বিনিয়োগের জন্য প্রায় ৬১ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিলেন, যা এখনকার হিসাবে প্রায় ১৪০ মিলিয়ন ডলার। নব্বইয়ের দশকে ডোনাল্ড ট্রাম্প তাঁর বাবার রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে প্রায় ৫০০ মিলিয়ন ডলার লাভ করেন। কিন্তু ন্যায্য আয়করের বদলে মাত্র ৫ শতাংশ হারে আয়কর প্রদান করে ৫২ মিলিয়ন ডলার প্রদান করেই পার পেয়ে যান।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, খুব অল্প বয়স থেকে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ভাইয়েরা বাবার কাছ থেকে নিয়মিত অর্থ সাহায্য পেতেন। অনেক সময় কর ফাঁকি দেওয়ার জন্য ফ্রেড তাঁর মালিকানাধীন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ছেলেদের নামে হস্তান্তর করতেন। মাত্র তিন বছর বয়স থেকে ডোনাল্ড ট্রাম্প একাধিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মালিক হন। সেই বয়সেই ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক আয়ের পরিমাণ ছিল দুই লাখ ডলার।

বিশেষজ্ঞেরা বলছেন, দৃশ্যত কোনো বেআইনি কাজ করেননি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর বাবা। যুক্তরাষ্ট্রে ধনীদের কর ফাঁকি দেওয়ার নানা রকম ছলচাতুরীর ব্যবস্থা দেশের আইনসভা করেছে। ধনীদের কাজ অতি ধূর্ত আইনজীবী নিয়োগের মাধ্যমে সেই ছলচাতুরীর পূর্ণ সুযোগ গ্রহণ।

হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প পরিবারের ব্যবসা নিয়ে দেশের কর সংস্থাগুলো অনুসন্ধান করে দেখেছে। তারা কোনো অনিয়ম পায়নি।

ওয়াল স্ট্রিট জার্নাল ভিন্ন এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলের মুখ বন্ধ রাখতে ডোনাল্ড ট্রাম্প শুধু নিজের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকেই নয়, নিজের দ্বিতীয় ছেলে এরিককেও ব্যবহার করেছিলেন।

পত্রিকাটি জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে স্টর্মি তাঁর গোপন প্রণয়ের কাহিনি টিভির পর্দায় ফাঁস করতে যাচ্ছেন—এ কথা জানতে পেরে ট্রাম্প কোহেনকে নির্দেশ দিয়েছিলেন, যাতে তাঁর মুখ বন্ধ রাখতে আদালতের সাহায্য নেওয়া হয়। ট্রাম্প এ ব্যাপারে সব কাজ এরিক ট্রাম্পের সঙ্গে একযোগে করার জন্য কোহেনকে নির্দেশ দেন। ট্রাম্প টেলিফোনে কোহেনকে বলেন, ‘চিন্তা কোরো না, যাবতীয় খরচপত্র আমিই বহন করব।’

এই ঘটনার কথা উল্লেখ করে স্টর্মির আইনজীবী মাইকেল আভেনাতি সিএনএনকে বলেন, একজন বাবা কতটা নির্বোধ হলে যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে নিজের ছেলেকে ব্যবহার করতে পারেন।

স্টর্মির সঙ্গে প্রায় এক যুগ আগের এক যৌন সম্পর্ক গোপন রাখতে ট্রাম্প মাইকেল কোহেনের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার ২০১৬ সালের নির্বাচনের আগে এই পর্নো তারকার হাতে তুলে দিয়েছিলেন। ট্রাম্প বারবার বলে এসেছেন, স্টর্মির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এই অর্থ চালাচালির ব্যাপারে তিনি কিছুই জানেন না। পরে কোহেন ট্রাম্পের সঙ্গে তাঁর কথোপকথনের এক টেপ ফাঁস করে দিলে ট্রাম্প যে মিথ্যা বলেছেন, তা প্রকাশ হয়ে পড়ে।

কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর কোহেন এ বছরের আগস্ট মাসে নিউইয়র্কের একটি আদালতে নিজের দোষ স্বীকার করে জানান, তিনি যা করেছেন, সবই ট্রাম্পের নির্দেশে করেছেন।