ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা সোমবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সোমবার দেশটিতে ভ্রমণ সংক্রান্ত সংশোধিত নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে জানা গেছে। মার্কিন গণমাধ্যমের খবরের বরাত দিয়ে এএফপির খবরে এ কথা বলা হয়েছে।

গত ২৭ জানুয়ারি সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির ফেডারেল আদালত তার নির্বাহী ওই আদেশকে অসাংবিধানিক বলে ঘোষণা করে। এরপর সোমবার এই সংক্রান্ত নতুন নির্বাহী আদেশে ট্রাম্প আবার স্বাক্ষর করবেন পলিটিকোর খবরে বলা হয়েছে। সোমবার হোমল্যান্ড সিকিউরিটিতে সংশোধিত নিষেধাজ্ঞায় ট্রাম্প সই করতে পারেন বলে জানা গেছে। তবে আগের নিষেধাজ্ঞার সঙ্গে তাতে কী পরিবর্তন থাকবে তা পরিষ্কার নয়।

ইরাক, ইরান, সোমালিয়া, ইয়েমেনসহ সাতটি মুসলিম প্রধান দেশের মানুষের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। ওই দেশগুলি থেকে শরণার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে ১২০ দিনের নিষেধাজ্ঞা জারি করেন তিনি। একই সঙ্গে সিরিয়া থেকে উদ্বাস্তুদের আমেরিকায় ঢোকাও নিষিদ্ধ করেন ট্রাম্প। কোনো রকম প্রস্তুতি ছাড়া এই নিষেধাজ্ঞা জারির ফলে ওই সাত দেশ থেকে আসা লোকজন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন। যুক্তরাষ্ট্রে ঢোকার মুখে অনেককে নিজ দেশ ফেরত পাঠানো হয়। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ট্রাম্পের ওই নিষেধাজ্ঞার আদেশ আটকে যায়। এরপরই সোমবার আবার সংশোধিত নিষেধাজ্ঞায় ট্রাম্প সই করবেন বলে খবর বের হলো।