ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞায় আদালতের প্রথম বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার সংশোধিত সংস্করণ আদালতে প্রথম বড় ধরনের বাধার মুখোমুখি হয়েছে। এ বিষয়ে সরকারের একটি নির্দেশনা দেশটির ফেডারেল আদালতের একজন বিচারক গত শুক্রবার আটকে দিয়েছেন।
প্রেসিডেন্টের নির্দেশনার আলোকে সিরীয় এক শরণার্থীর স্ত্রী ও সন্তানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে বলেছিল কর্তৃপক্ষ। অথচ ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে। উইসকনসিন অঙ্গরাজ্যের বিচারক উইলিয়াম কোনলির আদালত ওই ব্যক্তির স্ত্রী ও সন্তানের প্রবেশ ঠেকানোর আদেশ স্থগিত করে দিয়েছেন। আদালত বলেন, সরকারি নির্দেশনার বাস্তবায়ন হলে ওই ব্যক্তির অপূরণীয় ক্ষতির ঝুঁকি রয়েছে।
সিরিয়ার ওই ব্যক্তির নাম অপ্রকাশিত রয়েছে। তাঁর স্ত্রী ও শিশুসন্তান এখনো যুদ্ধকবলিত আলেপ্পোয় বাস করছেন।
ট্রাম্প প্রশাসন মুসলিমপ্রধান ছয়টি দেশের নাগরিক ও শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িক বন্ধ রেখে পরিবর্তিত নিষেধাজ্ঞাটি গত সোমবার প্রকাশ করে। এটির বিরুদ্ধে উইসকনসিনের আদালতই প্রথম স্থগিতাদেশ দিলেন। নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো সিরিয়া, ইরান, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন ও সুদান। নাগরিকদের নিরাপত্তা যাচাই ও তথ্যের ব্যাপারে ইরাক সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দেশটিকে নিষেধাজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন আদেশটি আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়ার কথা।
এদিকে ট্রাম্পের প্রথম নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেওয়া ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের আদালত নতুন নিষেধাজ্ঞার ওপর জরুরি স্থগিতাদেশ চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছেন। বিচারক জেমস রবার্ট বলেন, পরিবর্তিত নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশের আবেদনের পক্ষের আইনজীবীদের আরও কিছু বিশেষ দলিল উপস্থাপন করতে হবে।
ট্রাম্পের বিতর্কিত নির্বাহী আদেশের ব্যাপারে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) শরণার্থী সহায়ক বেশ কয়েকটি সংগঠনের পক্ষে আরেকটি আইনি চ্যালেঞ্জ জানিয়েছে। এসিএলইউর অভিবাসী অধিকার প্রকল্পের পরিচালক ওমর জাডওয়াট বলেন, ‘মুসলিমদের ওপর নিষেধাজ্ঞার ওপর নতুন মোড়ক দিলেই মৌলিক সমস্যা দূর হবে না। সংবিধান এবং আইন অনুযায়ী ধর্মীয় বৈষম্য নিষিদ্ধ। প্রেসিডেন্ট ট্রাম্প যতই এই পথে পা বাড়ান, মৌলিক আইন লঙ্ঘনের বিষয়টি ততই স্পষ্ট হয়।’
৪৬ জন প্রসিকিউটরকে পদত্যাগের নির্দেশ
মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স দেশটির ৪৬ জন প্রধান ফেডারেল প্রসিকিউটরকে পদত্যাগ করতে বলেছেন। তাঁরা ওবামা প্রশাসনের আমলে নিয়োগ পেয়েছিলেন।