ট্রাম্পের নতুন হোটেলে সমর্থকদের হুল্লোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের সমর্থন ব্যাপক। সে তুলনায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থন একেবারে গৌণ। কিন্তু শেষ বিতর্কের সময় একটা জায়গা জমজমাট ছিল ট্রাম্পের সমর্থকদের ভিড়ে। সেটি হলো ট্রাম্পের নতুন হোটেল দ্য ট্রাম্প ইন্টারন্যাশনাল।

হিলারি ক্লিনটন ও ট্রাম্পের বিতর্কের সময় বিভিন্ন শ্রেণি-পেশা-জাতির লোকজন সেখানে ভিড় জমান। তাঁদের অনেকে ছিলেন ট্রাম্পের খ্যাপাটে সমর্থক। তাঁরা চেঁচামেচিতে পুরোটা সময় হোটেল মাতিয়ে রাখেন।

লাস ভেগাসের বিতর্কের সময় ট্রাম্প নিজের প্রতিষ্ঠানের প্রশংসা করতে ভোলেননি। তাঁর ভাষায়, ‘এটা অনেক সুন্দর।’ তবে হিলারির প্রতিক্রিয়া ছিল উল্টো। তিনি ওই হোটেল প্রসঙ্গে বলেন, ওই ভবনের অনেক অংশ তৈরি হয়েছে চীন থেকে আনা ইস্পাত দিয়ে। অভিবাসীদের শ্রম দিয়ে এই ভবনটি বানানো হয়েছে।

ট্রাম্পের সমর্থকেরা সেখানে উপস্থিত হয়েছিলেন সমমনা দর্শকদের সঙ্গে চারটি বড় স্ক্রিনে বিতর্ক দেখতে।

হিলারি যখন ট্রাম্পকে পুতিনের পুতুল দাবি করেন এবং নিজের ই-মেইল হ্যাক-সংক্রান্ত বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, তখন হোটেলে থাকা ট্রাম্প-সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।