ট্রাম্পের নমনীয়তার নেপথ্যে ইভানকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেয়ে
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেয়ে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে মঙ্গলবার রাতে যে ভাষণ দিয়েছেন, তা তাঁর এ পর্যন্ত বিভিন্ন ভাষণ ও প্রকাশ্য বক্তব্য থেকে একেবারেই আলাদা। কংগ্রেসের যৌথ অধিবেশনের ওই ভাষণে ট্রাম্প আগের তুলনায় অনেক পরিমিত ভাষা ব্যবহার করেছেন। বিরোধীদের প্রতি অনেক কম আক্রমণাত্মক ছিল তা। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের এই বদলে যাওয়া অবস্থানের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাঁর মেয়ে ইভানকা।
প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে এটা ছিল ট্রাম্পের সবচেয়ে বড় ভাষণ। ভাষণটি তৈরি করতে তাঁর শীর্ষ সহযোগীরা ১০ দিন সময় নিয়েছেন। নিজের এত দিনের নীতিতে বড় কোনো পরিবর্তনের ঘোষণা দেননি রিপাবলিকান প্রেসিডেন্ট। কিন্তু আগের চড়া সুরটা নামিয়েছেন অনেকখানি। ক্ষমতায় আসার প্রথম সপ্তাহে যে রকম তর্জন-গর্জন করেছিলেন, কংগ্রেসের ভাষণে তা থেকে বিরত ছিলেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি বা সংবাদমাধ্যমকে গালমন্দ না করে বরং জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। জনমত জরিপে দেখা যায়, বেশির ভাগ মার্কিন নাগরিকই প্রেসিডেন্টের নম্র বাচনভঙ্গির প্রশংসা করেছেন।
হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেন, আলোচিত ওই ভাষণ লেখার সময় ইভানকা ট্রাম্প বেশ কিছু পরামর্শ দিয়েছেন। প্রেসিডেন্ট পদে তাঁর বাবার যোগ্যতা নিয়ে সংশয় দূর করার লক্ষ্যেই তিনি ভাষাভঙ্গি পরিবর্তনের সুপারিশ করেন। এ কারণেই ট্রাম্পের বক্তব্য ছিল অনেকটাই আশাবাদের ধাঁচে।
আরেকজন কর্মকর্তা বলেন, ইভানকা শিশুসেবা ও সবেতন পারিবারিক ছুটির পক্ষে কথা বলতে বাবাকে উৎসাহ দিয়েছেন। কংগ্রেসে ডেমোক্র্যাটদের সমর্থন পাওয়ার জন্য এ রকম নীতি দরকার।
ট্রাম্পের বড় মেয়ে ৩৫ বছর বয়সী ইভানকা ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের একজন প্রভাবশালী অনানুষ্ঠানিক পরামর্শক হিসেবে ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে নারী ও সংখ্যালঘু বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বাবার জয়ের পর নিউইয়র্কের ব্যবসা ছেড়ে ওয়াশিংটনে চলে আসেন ইভানকা।