মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলো মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর
ডোনাল্ড ট্রাম্প শহরের বিভিন্ন ভবনে নিজের নাম ঝোলানোর জন্য বিখ্যাত। তিনি যেসব অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বা হোটেলমালিক, তার প্রতিটির নামের সঙ্গে নিজের নাম জুড়ে দিতে ভালোবাসেন। ট্রাম্প প্লাজা, ট্রাম্প ক্যাসিনো বা ট্রাম্প প্লেস। শেষেরটি, অর্থাৎ ট্রাম্প প্লেস নিউইয়র্কের রিভার সাইডে একটি বহুতল আবাসিক কমপ্লেক্স। এর কয়েক শ মালিক ও ভাড়াটে এখন সেই ভবনের নাম বদলের অভিযান শুরু করেছেন। ট্রাম্পের নামের সঙ্গে যৌন আগ্রাসন জড়িয়ে গেছে, ফলে এই ভবনের অনেকেই এখন ট্রাম্প নামাঙ্কিত কোনো ভবনে থাকেন, সে কথা কাউকে বলতে লজ্জিত হন। তাঁরা ‘ডাম্প দ্য ট্রাম্প নেম (ট্রাম্পের নাম বাতিল কর) ’এই নামে ইন্টারনেটে এক ক্যাম্পেইন শুরু করেছেন। ভবনের নাম পরিবর্তন করে এখন থেকে ভবনের শীর্ষে শুধু ভবনটির ঠিকানা, ১৮০ রিভার সাইড, লেখা থাকবে।