ট্রাম্পের নিবন্ধনের পরিকল্পনায় উদ্বিগ্ন অভিবাসী মুসলিমরা
অভিবাসী মুসলিমদের নাম একটি ভিন্ন ডেটাবেইসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাধীন রয়েছে—এ কথা অভিবাসী মুসলিমদের মধ্যে উদ্বেগের সঞ্চার করেছে। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প সরকার গঠন প্রক্রিয়ার জন্য গঠিত কমিটির অন্যতম পরামর্শদাতা ক্রিস কোবাশ জানিয়েছেন, মুসলিমপ্রধান দেশগুলো থেকে আসা অভিবাসীদের নিবন্ধন করার জন্য একটি রেজিস্ট্রি গঠনের কথা তাঁদের বিবেচনায় রয়েছে। ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর বুশ প্রশাসন অনুরূপ একটি রেজিস্ট্রি গঠন করেছিল। ক্রিস কোবাশ সে উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি জানিয়েছেন, এই প্রশ্নে ট্রাম্পের প্রস্তুতি দলের সঙ্গে তাঁর একাধিকবার মতবিনিময় হয়েছে।
নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের আমেরিকায় আসা নিষিদ্ধের প্রস্তাব করে তাঁর সমর্থকদের কাছে জনপ্রিয় হয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রশ্নে তাঁর অবস্থান কিছুটা নমনীয় হয়েছে ভাবা হলেও যাঁরা তাঁর মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন এবং প্রস্তুতি পর্যায়ে তাঁকে পরামর্শ দিচ্ছেন, তাঁরা প্রায় সবাই অতি কট্টরপন্থী ও মুসলিমবিরোধী হিসেবে পরিচিত। এদের অন্যতম হলেন জেনারেল মাইকেল ফ্লিন, ট্রাম্প যাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে মনোনয়ন দিয়েছেন। ফ্লিন ইতিপূর্বে এমন কথাও বলেছিলেন ইসলাম কোনো ধর্ম নয়, এটি একটি তাত্ত্বিক আদর্শ বা আইডিওলজি মাত্র।
ক্রিস কোবাশ এই মুহূর্তে ক্যানসাস অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব পালন করছেন।
মুসলিমদের ব্যাপারে তাঁর অবস্থানও অত্যন্ত সমালোচনাপূর্ণ। ইতিপূর্বে তিনি মুসলিমদের রেজিস্ট্রিভুক্ত করার সুপারিশ করে একটি বইও লিখে ফেলেছেন। জানা গেছে, কোবাশকে ট্রাম্পের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
২০০২ সালে কোবাশের নেতৃত্বে মুসলিম রেজিস্ট্রিকরণের যে নির্বাহী আদেশটি কার্যকর করা হয়, তাতে মোট ২৫টি দেশ থেকে আসা ইমিগ্রান্ট নয়—১৬ বছরের বেশি এমন সব ব্যক্তিকে একটি ডেটাবেইসে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশ অনুসারে, নির্ধারিত দেশগুলো থেকে আসা বৈধ অভিবাসী নয় এমন সব ব্যক্তিকে নাম তালিকাভুক্তির পাশাপাশি আঙুলের ছাপ, ছবি তোলা ও জিজ্ঞাসাবাদের জন্য অভিবাসন কর্মকর্তাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশসহ ২৪টি মুসলিমপ্রধান দেশ ও উত্তর কোরিয়ার নাগরিকদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য ছিল। প্রায় ৮৫ হাজার ব্যক্তিকে এই রেজিস্ট্রিতে তালিকাভুক্ত করা হয়, তবে তাঁদের মধ্যে মাত্র ১১ জন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে জানানো হয়। এই তালিকার ভিত্তিতে প্রায় ১৩ হাজার ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের জন্য চিহ্নিত করা হয়। ২০১১ সালে ওবামা প্রশাসন এই কর্মসূচি বাতিল করে।
সেই কর্মসূচি পুনরায় চালু হতে পারে, ক্রিস কোবাশের এই বক্তব্যে অভিবাসী মুসলিম ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ জানিয়েছেন। মার্কিন মানবাধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন জানিয়েছে, এই কর্মসূচি ফের চালু হলে তারা আদালতের সাহায্য নেবে। ড্রাম নামে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংস্থা জানিয়েছে, তারাও সম্ভাব্য সব উপায়ে এই চেষ্টার বিরোধিতা করবে। প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে ড্রামের অন্যতম পরিচালক ফৌজিয়া খান বলেছেন, এই কর্মসূচির বিরোধিতায় তাঁরা ইতিমধ্যে বিভিন্ন সাংগঠনিক উদ্যোগ নেওয়া শুরু করেছেন। ‘এই নিয়ম চালু হলে আমরা শুধু তার প্রতিবাদই করব না, তালিকাভুক্তি না করার জন্যও চেষ্টা চালাব, বলেন তিনি।
বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসন-সংক্রান্ত আইনজীবী শামতলি হক প্রথম আলোকে বলেন, ‘এই রেজিস্ট্রির বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে ২০০২ সালে বুশ আমলে চালু করা কর্মসূচির ফলে অভিবাসীদের যে হয়রানির শিকার হতে হয়, সে কথা আমাদের জানা আছে। সে কারণে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশসহ মুসলিমপ্রধান দেশের নাগরিকেরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।’ তিনি সন্ত্রস্ত হওয়ার বদলে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের পরামর্শ দেন।
অন্য সংখ্যালঘু সম্প্রদায় থেকেও এই কর্মসূচি চালুর যেকোনো প্রচেষ্টার বিরোধিতার কথা ঘোষণা করা হয়েছে। ইহুদিবিদ্বেষ-বিরোধী সংস্থা এডিএল ও আফ্রিকান-আমেরিকানদের নাগরিক অধিকার সংস্থা এনএএসিপি জানিয়েছে, মুসলিমদের সঙ্গে সংহতির অংশ হিসেবে তারাও মুসলিম পরিচয়ে এই রেজিস্ট্রিতে নাম তালিকাভুক্ত করবে। মার্কিন ইহুদিদের সাপ্তাহিক দা ফরোয়ার্ড সব মার্কিন ইহুদিকে মুসলিম হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাব সমর্থন করে লিখেছে, ধর্মভিত্তিক তালিকাভুক্তির ভয়াবহ পরিণতির কথা বিশ্বের ইহুদিরা খুব ভালো করেই জানে। দ্বিতীয় মহাযুদ্ধের আগে জার্মানিতে এই রেজিস্ট্রির ভিত্তিতেই লাখ লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে হত্যা করা হয়।
মুসলিমদের নিবন্ধনের প্রতিবাদ হিসেবে ‘রেজিস্ট্রার আস’ এই নামে একটি ওয়েবসাইট চালু হয়েছে। এই ওয়েবসাইটে জাতিধর্ম-নির্বিশেষে সব মার্কিনের একটি অঙ্গীকারনামায় নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।