ট্রাম্পের নির্দেশে উত্তর কোরিয়া যাত্রা বাতিল পম্পেওর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়া যাচ্ছেন না। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বপরিকল্পিত সফর বাতিল করতে নির্দেশ দিয়েছেন।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ট্রাম্প এক টুইটে বলেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি বন্ধের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়নি। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে উত্তেজনা চলায় চীন পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে উত্তর কোরিয়ার ওপর যথেষ্ট চাপ দেয়নি।
গত জুনে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে সম্মেলনের পর ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া আর পারমাণবিক হুমকি নয়। এরপর থেকে পারমাণবিক কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়ার কোনো পদক্ষেপ না নেওয়ার খবর এসেছে।
যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, উত্তর কোরিয়া নতুন আন্তমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে।
জাতিসংঘের পরমাণুবিষয়ক সংস্থাও (আইএইএ) বলেছে, উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
আগামী সপ্তাহে পম্পেওর পিয়ংইয়ং সফর করার কথা ছিল। উত্তর কোরিয়াবিষয়ক বিশেষ দূত স্টিফেন বিয়াগনও তাঁর সঙ্গে যাওয়ার কথা ছিল।
উত্তর কোরিয়া গত সেপ্টেম্বরে ষষ্ঠ পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে।