ট্রাম্পের নীতি সারা বিশ্বে অজনপ্রিয়

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতি সারা বিশ্বের মানুষের কাছে অজনপ্রিয়। আমেরিকার প্রখ্যাত গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার পৃথিবীর ৩৭টি দেশে ৪০ হাজারের বেশি মানুষের ওপর জরিপ চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছেছে।
এ ৩৭টির মধ্যে মাত্র দুটি দেশের জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিরা সাবেক প্রেসিডেন্ট ওবামার চেয়ে ট্রাম্প সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন। দুটি দেশ হলো রাশিয়া ও ইসরাইল। তবে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় যে, অনেকেই মনে করেন তাঁদের দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক আগামী বছরগুলোতে পরিবর্তন হবে না।
জরিপে দেখা গেছে, ওবামার চেয়ে ট্রাম্পকে উত্তরদাতারা কম আস্থাভাজন বলেন মনে করেন। রাশিয়ার জনগণ মনে করেন, ট্রাম্প বিশ্ব পরিস্থিতির ব্যাপারে যা ভাবেন তা স্পষ্ট করে বলেছেন। ন্যাটো সদস্যদের তার ন্যায্য হিস্যা প্রদানের দাবি জানান। কাতারকে একঘরে করতে উপসাগরীয় দেশগুলোকে উৎসাহিত করেন।
ট্রাম্প আমেরিকার পুরোনো বন্ধু দেশগুলোকে এতটাই নাড়া দিয়েছেন যে, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেই ফেলেছেন, ইউরোপ তার পুরোনো মিত্রের (আমেরিকার) ওপর আর বেশি নির্ভর করতে পারছে না। আমেরিকার সনাতন মিত্রদের আস্থায়ও ধস নেমেছে। জরিপের হিসাবে, ৮৬ শতাংশ জার্মান ওবামার ওপর আস্থা রাখলেও ট্রাম্পের ওপর মাত্র ১১ শতাংশ জার্মান জনগণের আস্থা রয়েছে।
তবে ৫ মাসের শাসনামলে ট্রাম্প ইসরাইল, সৌদি আরব ও অন্যান্য গুরুত্বপূর্ণ বন্ধুদেশ সফর করেছেন। এ ক্ষেত্রে ওবামার চেয়ে ট্রাম্প এগিয়ে আছেন। আরেকটি দেশ হলো ভারত, যে দশের জনগণ ট্রাম্পের প্রতি বেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। তবে ৪০ শতাংশ ভারতবাসী ট্রাম্পের প্রতি আস্থাশীল হলেও, ওবামার ক্ষেত্রে এ হার ছিল ৫৮ শতাংশ।
চারিত্রিক বৈশিষ্ট্যের ইতিবাচক ও নেতিবাচক দিকের তুলনা করে মতামতদাতারা ট্রাম্পকে ‘উগ্র’ মনে করেন। ৩৭টি দেশের মধ্যে ২৬টি দেশের অর্ধেকের বেশি উত্তরদাতা ট্রাম্পকে ‘বিপজ্জনক’ বলে বিবেচনা করেন।
তবে ল্যাতিন আমেরিকা ও আফ্রিকান দেশগুলোর উত্তরদাতারা, ট্রাম্পকে শক্তিশালী নেতা বলে বিশ্বাস করেন। অন্যদিকে খুব কমসংখ্যক দেশের উত্তরদাতা তাঁকে যোগ্য প্রেসিডেন্ট হিসেবে মনে করেন।
এ জরিপে থেকে জানা যায়, ছয়টি মুসলমান দেশের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ভাব-মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। ৩৭টি দেশের ৬২ শতাংশ উত্তরদাতার কাছে এ নিষেধাজ্ঞা অজনপ্রিয়। কেবল ইসরাইল, রাশিয়া ও হাঙ্গেরির বেশির ভাগ উত্তরদাতা এ নিষেধাজ্ঞাকে সমর্থন করে। অন্যদিকে তিনটি মুসলিম দেশ, জর্ডানের ৯৬ শতাংশ, লেবাননের ৮৮ শতাংশ এবং সেনেগালের ৮২ শতাংশ লোক এ নিষেধাজ্ঞায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
৪০ হাজার ৪৪৭ উত্তরদাতার অনেকেই ট্রাম্পকে ‘উগ্র’ ও ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করলেও ট্রাম্পের শাসনামলে তাঁদের কোনো ধরনের ক্ষতি হবে বলে মনে করেন না। ৪১ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁদের দেশের সম্পর্ক অপরিবর্তিত থাকবে। ১৫ শতাংশ আশাবাদী যে, তাদের দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও উন্নত হবে। আফ্রিকার নাইজেরিয়ার ৫৪ শতাংশ এবং গিনির ৫১ শতাংশ মনে করে ট্রাম্পের আমলে পরিস্থিতি আরও উন্নত হবে। তবে মেক্সিকোর সঙ্গে আমেরিকার সম্পর্ক কুয়াশাচ্ছন্ন বলে মনে করা হয়।
পিউ-র জরিপে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্বারোপ করা হলেও আমেরিকাতে ট্রাম্পের অবস্থান জানুয়ারি মাসে ক্ষমতায় আসার সময়ের মতো নিম্ন পর্যায়েই রয়েছে। ৩৯ শতাংশ আমেরিকান মনে করেন ট্রাম্প ভালো কাজই করছেন। তবে ট্রাম্পের দলের ৭১ শতাংশ লোকজন মনে করেন, ট্রাম্প ভালোভাবেই দেশ চালাচ্ছেন।