ই-মেইল তদন্তের তীব্র সমালোচনা ওবামার
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে হিলারি ক্লিনটনের ই-মেইল নিয়ে নতুন করে তদন্তের যে সিদ্ধান্ত এফবিআই প্রধান নিয়েছেন, তা প্রচলিত নিয়মের লঙ্ঘন। অসম্পূর্ণ অথবা ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে তদন্তের কোনো নিয়ম নেই। সুনির্দিষ্ট সিদ্ধান্তের ভিত্তিতেই এ-জাতীয় তদন্ত হওয়া উচিত।
ফেসবুকভিত্তিক ‘নাও দিস নিউজ’-এর সঙ্গে গতকাল বুধবার সকালে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামা এ কথা বলেন। দুই দিন আগে এক মুখপাত্রের মাধ্যমে প্রেসিডেন্ট ওবামা জানিয়েছিলেন, তিনি এফবিআই প্রধান জেমস কোমির সিদ্ধান্ত সমর্থন অথবা তার বিরোধিতা কোনোটাই করেন না।
নাও দিস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ওবামা জোর দিয়ে বলেন, এই তদন্তে তিনি কোনোভাবে নাক গলাতে চান না, নাক গলাচ্ছেন এমন কোনো ইঙ্গিতও দিতে চান না। তবে এই তদন্ত নতুন করে শুরু হওয়ায় তিনি যে খুশি নন, ওবামা সে কথা জানাতেও দ্বিধা করেননি। তিনি মনে করিয়ে দেন, ই-মেইলের বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে তদন্তের পর এফবিআই ও বিচার বিভাগ এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে, হিলারি ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে ভুল করেছেন, কিন্তু অপরাধমূলক কোনো কাজ তিনি করেননি। কংগ্রেসও এ বিষয়ে তদন্ত করে একই সিদ্ধান্তে পৌঁছেছিল।
জরিপে ট্রাম্পের জন্য সুখবর: গত মঙ্গলবার প্রকাশিত এক জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের জন্য ভালো খবর এসেছে। খ্যাতনামা নির্বাচন বিশেষজ্ঞ নেট সিলভার একাধিক জরিপের গড়ের ভিত্তিতে তৈরি মডেল অনুসরণ করে সিদ্ধান্তে পৌঁছেছেন, ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোট অর্জন করা ট্রাম্পের জন্য অসম্ভব নয়। একই দিন কট্টর শেতাঙ্গ জাতীয়তাবাদী গ্রুপ কু ক্লাক্স ক্ল্যানের পত্রিকা ক্রুসেডার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে তাদের সমর্থন জানিয়েছে।
নির্বাচনের এক সপ্তাহ আগে জাতীয় ও রাজ্য পর্যায়ে বিপুলসংখ্যক জনমত জরিপের কাজ চলছে। কিন্তু তাদের ফলাফলে বিস্তর ফারাক রয়েছে। এর কোনোটিতে হিলারি ৫-৭ পয়েন্টে এগিয়ে, কোনোটায় ট্রাম্প ১ বা ২ পয়েন্টে এগিয়ে। এসব জরিপের গড় ফলাফলের ভিত্তিতে নেট সিলভার বলছেন, জাতীয় পর্যায়ে হিলারি ক্লিনটন ৩-৪ পয়েন্টে এগিয়ে। এক সপ্তাহ আগেও তিনি ট্রাম্পের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে ছিলেন।