ট্রাম্পের পণ্য বয়কটের হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প সবকিছুতেই লাভ-ক্ষতির অঙ্কটা মাথায় রাখেন। নির্বাচনও সে রকম একটি ব্যাপার ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসে তাঁর আম ও ছালা দুটোই তিনি হারাতে বসেছেন। একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হতে বসেছে। অন্যদিকে তাঁর নিজের ব্যবসাতেও বড় রকমের লোকসান শুরু হয়েছে।
ট্রাম্পের নাম বহনকৃত সামগ্রীর বেচাকেনা কমে গেছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অনেক ক্রেতাই তাঁর নামাঙ্কিত জামা, টাই ও অন্যান্য সামগ্রী বয়কট শুরু করেছে। এসব সামগ্রীর কেনাবেচা ১৮ শতাংশ কমে গেছে। ট্রাম্পের হোটেল ও বিনোদন কেন্দ্রগুলোতে অতিথিদের আগমনও কমতির দিকে। পত্রিকাটি একজন চিকিৎসকের কথা উল্লেখ করে জানিয়েছে, সবান্ধবে ট্রাম্পের গলফ ক্লাবে আসার জন্য তিনি তৈরি ছিলেন, কিন্তু ট্রাম্পের যৌন আগ্রাসনের খবরের পর সে সিদ্ধান্ত তিনি বাতিল করেন। এতে ট্রাম্প ১৮ হাজার ডলারের ব্যবসা হারালেন।
ক্রীড়া ভাষ্যকার কিথ অলবারম্যান জানিয়েছেন, ট্রাম্প টাওয়ারে তাঁর অ্যাপার্টমেন্ট তিনি বিক্রি করে দিয়েছেন। এর ফলে তাঁকে লোকসান পোহাতে হয়েছে, কিন্তু নিজের আত্মার কাছে তিনি পরিষ্কার থাকছেন। বিখ্যাত বেসবল খেলোয়াড় আড্রিয়ান গনজালেসও জানিয়েছেন, তিনি এখন থেকে আর ট্রাম্প হোটেলে থাকবেন না। শিকাগোতে খেলায় অংশ নিতে তাঁর দল ডজারসের ট্রাম্পের হোটেলে ওঠার কথা ছিল। মেক্সিকানদের ব্যাপারে মন্তব্যের প্রতিবাদে তিনি সে হোটেলে থাকতে অস্বীকার করেন। এড্রিয়ান নিজে মেক্সিকান বংশোদ্ভূত।