ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর থেকে অভিবাসন নীতি নিয়ে একেকবার একেক ধরনের কথা বলছেন। ঘটছে একের পর এক ঘটনা। ইতিমধ্যে কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের ওপর আমেরিকায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সেই নির্বাহী আদেশ ২৯ জুন থেকে আংশিকভাবে কার্যকর শুরু হয়েছে।
এমন পরিস্থিতিতে আমেরিকায় এখন অস্থির সময় পার করছেন অভিবাসীরা। তাঁদের এমন দুঃসময় আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে আর দেখা যায়নি। এর প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের ওপরও। অবশ্য আইনজীবীরা বলছেন, ঘটনা যা ঘটেছে, গুজব রটেছে তার চেয়ে বেশি। সুতরাং বাংলাদেশিদের এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
ট্রাম্প নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা হবে। দেয়াল হোক না হোক, সীমান্তে তার প্রভাব পড়েছে। গত পাঁচ মাসে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ ব্যক্তিদের প্রবেশ নেই বললেই চলে। যাঁরা এখন ভিন্ন পথে আমেরিকায় আসতে চান, তাঁরা আসার আগে দ্বিতীয়বার ভাবছেন।
আবার যাঁরা অভিবাসী হিসেবে আমেরিকায় আছেন, তাঁদের পরিবার-পরিজনের কেউ না কেউ বর্তমান বাস্তবতায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এমনকি এখন যাঁরা সাময়িক বৈধতায় আছেন, রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন, তাঁদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন সমস্যার মধ্যে আছেন।
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নতুন করে এখনো কোনো অভিবাসন আইন চালু হয়নি। তিনি ও রক্ষণশীল রিপাবলিকানরা শিগগিরই নতুন অভিবাসন আইন প্রণয়ন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন। এর আগেই কয়েকটি মুসলমান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিকভাবে কার্যকর করা হয়। এরপর থেকেই প্রবাসী বাংলাদেশিদের অনেকেই শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।
বিষয়টি নিয়ে প্রথম আলোর উত্তর আমেরিকা অফিস থেকে নিউইয়র্কের আইনজীবী অ্যাটর্নি অশোক কর্মকার, শেখ সেলিম ও মঈন চৌধুরীর সঙ্গে কথা বলা হয়। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে তাঁরা জানান।
প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকরের ফলে বাংলাদেশিদের কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, প্রবাসী বাংলাদেশিদের কোনো অসুবিধা হবে না। যেসব মুসলিম দেশের সঙ্গে আমেরিকার অতীত অভিজ্ঞতা ভালো নয়, কেবল সে রকম ছয়টি দেশের নাগরিকদের ওপর আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
অ্যাটর্নি শেখ সেলিম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতি প্রণয়ন ছাড়াও অনেক কাজ আছে, যা নিয়ে তাঁকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। বাংলাদেশি বা এশীয় অভিবাসীদের ভীতি ও আতঙ্ক সম্পর্কে শেখ সেলিম বলেন, এটি নিতান্তই সবার ব্যক্তিগত ব্যাপার। কেউ এ ধরনের বিষয় আইনজীবীর ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে দৈনন্দিন অন্যান্য কাজ করেন। আবার কেউ এমনভাবে আতঙ্কিত হন যে নিজের ও অন্যদের সময় নষ্ট করেন। অ্যাটর্নি সেলিম ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকরের কারণে প্রবাসী বাংলাদেশিদের চিন্তিত না হওয়ার পরামর্শ দেন।
অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, ভ্রমণে নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশিদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। ভ্রমণে নিষেধাজ্ঞা শুধু ছয়টি দেশের জন্য প্রণয়ন করা হয়েছে। অ্যাটর্নি মঈন চৌধুরী আরও বলেন, অতীতে কেউ ভিসাসংক্রান্ত কোনো আদেশ, নির্দেশ অমান্য না করলে বা নতুন করে কোনো নির্বাহী আদেশ না এলে কোনো প্রবাসীর ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়।
মঈন চৌধুরী আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসী হিসেবে বাংলাদেশিদের আলাদা করার কোনো কারণ নেই। কারও ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গিয়ে থাকলে সাধারণ নিয়মে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের মতোই যেকোনো দেশের নাগরিক নিরাপত্তা বাহিনীর অভিযানে ধরা পড়তে পারেন। সে ক্ষেত্রে মঈন বিজ্ঞ আইনজীবীরা পরামর্শ নেওয়ার পরামর্শ দেন।
এ প্রসঙ্গে অ্যাটর্নি অশোক কর্মকার জানান, বাংলাদেশি শুধু নয়, যে ছয়টি দেশের নাম উল্লেখ করা হয়েছে, তারা ছাড়া পৃথিবীর কোনো দেশের অভিবাসীদের চিন্তার কোনো কারণ নেই। তিনি আরও উল্লেখ করেন, আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞাসংক্রান্ত বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত ধর-পাকড়ের অভিযান সব সময়ই ছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তিনি ‘দেশের স্বার্থে’ তা বেশি মাত্রায় প্রয়োগ করছেন। আমেরিকায় যাঁরা বৈধ অভিবাসী, তাঁদের এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
প্রথম আলোর অভিবাসন ও আইনি পরামর্শের দপ্তর সব সময়ই প্রবাসীদের সঠিক তথ্য সরবরাহের জন্য উন্মুক্ত। পাঠক বা ভুক্তভোগীদের যেকোনো সমস্যা সরাসরি জানালে প্রথম আলো উত্তর আমেরিকার ইমিগ্রেশন ডেস্ক এ সম্পর্কিত আইনজীবীর যোগাযোগের জন্য তথ্য সরবরাহ করতে সচেষ্ট থাকবে। যেকোনো পাঠক প্রথম আলো উত্তর আমেরিকার [email protected]—এই ই-মেইলে সমস্যার কথা জানাতে পারেন। তাঁদের সমস্যার ব্যাপারে বিজ্ঞ আইনজ্ঞরা সমাধান বা পরামর্শ দেবেন।