মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে রিপাবলিকান দলের এগিয়ে থাকা প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গতকাল এক গুরুত্বপূর্ণ ভাষণে তাঁর পররাষ্ট্রনীতির কাঠামো তুলে ধরেছেন। ট্রাম্প বলেছেন, তিনি সব সময় যুক্তরাষ্ট্রের স্বার্থ সবার আগে রাখবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ইউরোপ ও এশিয়ার মিত্রদের প্রতিরক্ষার জন্য আর্থিক ব্যয়ের আরও বড় অংশ তাদের মেটাতে বাধ্য করবেন। তা না হলে তাদের নিজেদেরই আত্মরক্ষার দায়িত্ব নিতে হবে। বিদায়ী ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রনীতিকে ‘বিপর্যয়’ আখ্যায়িত করে ট্রাম্প বলেন, তিনি চীনকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সুযোগ নিতে দিয়েছেন এবং ইসলামিক স্টেট জঙ্গিদের পরাস্ত করতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘পররাষ্ট্রনীতির মরিচা’ ঝেড়ে ফেলার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করা হবে। রয়টার্স