ট্রাম্পের পরিবেশ নীতি নিয়ে শঙ্কা
এ মাসেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাঁর ওপর আস্থা রাখতে পারছেন না তাঁরই দল রিপাবলিকান পার্টির উচ্চপর্যায়ের নেতৃত্ব। ট্রাম্পের শাসনামলে বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলা কার্যক্রম ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রিপাবলিকান নেতা ক্রিস্টিন টড হোয়াইটম্যান।
রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশের সময়ে যুক্তরাষ্ট্রের জলবায়ু সুরক্ষা সংস্থার (ইপিএ) প্রধান ছিলেন ক্রিস্টিন। তাঁর আশঙ্কা, তাঁর নাতি-নাতনিরা ট্রাম্প নেতৃত্বে নিরাপদ নাও থাকতে পারে। কেননা, সবকিছুতেই ট্রাম্পের ‘থোড়াই কেয়ার’ ভাব। ক্রিস্টিন বলেন, বৈশ্বিক জলবায়ু সুরক্ষা নীতিমালা বাতিলের যে হুমকি ট্রাম্প দিয়ে রেখেছেন, তা পুরো বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।
ট্রাম্পের সমর্থকদের যুক্তি, এই নীতিমালার দোহাই দিয়ে ব্যবসা অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ক্রিস্টিনের বক্তব্য হচ্ছে বিশ্বকে ক্ষতিগ্রস্ত না করে ব্যবসা করার পন্থা যুক্তরাষ্ট্রকেই বের করতে হবে।
ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরসংক্রান্ত শিবির থেকে ইতিমধ্যে কয়লা উৎপাদন বাড়ানো, তেলের নতুন সরবরাহ লাইন ও খনন করার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিবিসির রেডিও ফোরের সঙ্গে সাক্ষাৎকারে ক্রিস্টিন বলেন, ‘আমার পরিবার এবং বিশ্বের সব পরিবারের ব্যাপারে আমি শঙ্কিত। কেননা, প্রকৃতি কখনো সীমা মেনে থাকে না। একটি দেশের পদক্ষেপ অন্য দেশকে আক্রান্ত করে।’ তিনি বলেন, পরিবেশ রক্ষায় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে রিপাবলিকানদের ঐতিহ্য রয়েছে। জর্জ বুশ সিনিয়র ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ জলবায়ু কনভেনশনে স্বাক্ষর করেছিলেন। রিচার্ড নিক্সন জলবায়ু সুরক্ষা সংস্থা প্রতিষ্ঠা করেন এবং আব্রাহাম লিংকন প্রথম প্রেসিডেন্ট হিসেবে সরকারি ভূমি সুরক্ষার ব্যবস্থা নেন। কিন্তু ট্রাম্প রিপাবলিকানদের সেই ঐতিহ্যের সঙ্গে বেইমানি করতে যাচ্ছেন।