ট্রাম্পের পাশে পেলিন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন দলটির সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পেলিন। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আইওয়া অঙ্গরাজ্যে এক প্রচার-সমাবেশে আলাস্কার সাবেক গভর্নর পেলিন উৎফুল্ল সমর্থকদের কাছে জানতে চান, ‘আপনারা কি ট্রাম্পকে সমর্থন দিতে প্রস্তুত?’
পেলিন ২০০৮ সালে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। রাজনীতিতে না থাকলেও গণমাধ্যমে কাজ করার সুবাদে পেলিন এখনো প্রভাবশালী।
আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে পেলিন বলেন, ট্রাম্প এমন এক ব্যক্তি যিনি মার্কিন সেনা দিয়ে আইএসকে দমনে প্রস্তুত।
পেলিন বলেন, ‘আমরা একটি পরিবর্তনের জন্য প্রস্তুত।’
পেলিনের ভাষ্য, ট্রাম্প জনগণ ছাড়া আর কারও কাছে বাধিত নন। আমেরিকাকে ফের উঁচু মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য তিনি নিখুঁত অবস্থানে আছেন।
পেলিনের সমর্থন পেয়ে ট্রাম্প যারপরনাই আনন্দিত। এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, সমর্থন পেয়ে তিনি গর্বিত।
ট্রাম্পের মতো পেলিনও একজন বিতর্কিত ব্যক্তি।