
যুক্তরাষ্ট্রের বিনোদনজগতের তারকাদের যৌন হয়রানির ঘটনা একের পর এক প্রকাশ হওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক কোরি লিভানডোস্কির বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। দেশটির জনপ্রিয় গায়িকা জয় ভিলা অভিযোগ করেছেন, সম্প্রতি ওয়াশিংটনে এক অনুষ্ঠান চলাকালে তাঁর শরীরে স্পর্শকাতর স্থানে (পেছনের দিকে) হাত দেন লিভানডোস্কি। বন্ধুদের বিষয়টি জানানোর পর ২৫ ডিসেম্বর (বড়দিনে) পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন।
পতনের মুখে থাকা ‘ফিল্ম মোগল’ হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির ঘটনা প্রকাশিত হওয়ার পর এ রকম ঘটনার তালিকা দীর্ঘ হতে থাকে। রাজনীতিবিদ থেকে শুরু করে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে উঠতে থাকে যৌন হয়রানির অভিযোগ।
জয় ভিলা বলেন, ‘এই রকম ঘটনার মুখোমুখি হওয়ার সময় আমি প্রচণ্ড ভয়ে ছিলাম। কিন্তু অনুষ্ঠানভর্তি লোকের সামনে আমি লিভানডোস্কিকে অপদস্থ করতে চাইনি।’
এর আগে ওয়াশিংটনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে এক অনুষ্ঠানে লিভানডোস্কির সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক ভিলাকে। কিন্তু এখন তাঁর ছায়াও আর মাড়াতে চান না বলে জানান ভিলা।
যৌন হয়রানির ব্যাপারে ভিলা আরও বলেন, ‘তিনি (লিভানডোস্কি) আমার নিতম্বে একাধিকবার হাত দেন। যখন আমি তাঁকে এসব কাজ থামাতে বলি, তখন তিনি যৌন হয়রানি নিয়ে আমার সঙ্গে মজা করেন এবং ফের একই ঘটনা ঘটাতে থাকেন।’।