ট্রাম্পের প্রচার-প্রধানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল ম্যানাফোর্ট
পল ম্যানাফোর্ট

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার-প্রধান পল ম্যানপোর্ট পদত্যাগ করেছেন। শুক্রবার মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট ব্রেকিং নিউজ হিসেবে সংবাদটি প্রচার করেছে।
প্রচার অভিযানকে ঢেলে সাজাতে এবং আরও কিছু নতুনত্বের অংশ হিসেবে পল পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে। একটি সূত্র বলেছে, পলের প্রচার অভিযান নিয়ে দীর্ঘদিন ধরে ট্রাম্প শিবিরে এক ধরনের অস্বস্তি ছিল।
তবে বিবিসির খবরে বলা হয়, রাশিয়া-সমর্থিত সাবেক ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তোপের মুখে পড়েন ৬৭ বছর বয়সী পল।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আজ সকালে পল আমার নির্বাচনী প্রচারণা দল থেকে সরে যাওয়ার জন্য পদত্যাগপত্র জমা দেন, আমি সেটা গ্রহণ করেছি। আমি আজ যেখানে এসেছি, এ পর্যন্ত আসতে তাঁর কাছ থেকে যে পরিমাণ সহযোগিতা পেয়েছি, সে জন্য আমরা কৃতজ্ঞ।’
ইয়ানুকোভিচের কাছ থেকে ১২ মিলিয়ন ডলার নিয়ে পল তাঁর পক্ষে কাজ করছিলেন—এমন তথ্য প্রকাশ করে ইউক্রেন সরকার। এ বিষয়ে নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশের পর সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে তোপের মুখে পড়েন তিনি।

যদিও পল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ওই রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা তীব্রভাবে নাকচ করে দিয়েছেন।