'ঠাট্টা করেই' ওবামা হিলারিকে আইএসের প্রতিষ্ঠাতা বলেছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা এবং ডেমোক্রেটিক পার্টির পদপ্রার্থী হিলারি ক্লিনটনকে সহপ্রতিষ্ঠাতা আখ্যা দেওয়ার পর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ঠাট্টা করেই কথাটি বলেছিলেন। সিএনএন অহেতুকই খবরটি অতি গুরুত্ব দিয়েছে।

ফ্লোরিডায় গত বুধবার এক জনসভায় বক্তব্য দেন ট্রাম্প। এ সময় তিনি প্রেসিডেন্ট ওবামাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতিষ্ঠাতা এবং হিলারি ক্লিনটনকে সহপ্রতিষ্ঠাতা আখ্যা দেন। পরদিন টেলিভিশনে এক সাক্ষাৎকারেও তিনি একই কথা বলেন।

ওবামার অনুসৃত নীতির ফলে আইএসের প্রসার ঘটেছে কি না—সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘না, আমি বলছি ওবামাই আইএসের প্রতিষ্ঠাতা। তিনি এই সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য।’ তবে গতকাল শুক্রবার ট্রাম্প টুইটারে বলেন, আসলে তিনি ‘ঠাট্টা করেই’ কথাটি বলেছিলেন।

ট্রাম্পের এ বক্তব্যের ব্যাপারে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। তবে হিলারি ক্লিনটন টুইটারে এক প্রতিক্রিয়ায় ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের অযোগ্য বলে বর্ণনা করেন।

রাজনৈতিক বক্তব্যের সত্য-মিথ্যা নির্ণয়ের জন্য খ্যাত পলিটিফ্যাক্টস ট্রাম্পের এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে রায় দিয়েছে।

রিপাবলিকান পার্টির মনোনয়ন নিশ্চিত করার পর একের পর এক বিতর্ক সৃষ্টির ফলে ট্রাম্পের নির্বাচনী অভিযান ইতিমধ্যে সংকটে পড়েছে। দলের নেতারা এখন এই ভেবে উদ্বিগ্ন যে নভেম্বরের নির্বাচনে ট্রাম্প শুধু পরাস্তই হবেন না, তাঁর কারণে কংগ্রেসে রিপাবলিকানদের বর্তমান নিয়ন্ত্রণও হাতছাড়া হতে পারে।

এদিকে ট্রাম্প নিজে ইঙ্গিত দিয়েছেন, নভেম্বরের নির্বাচনে পরাজিত হওয়ার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত। ‘অরাজনীতিকসুলভ’ বক্তব্যের কারণে তিনি ভোটারদের সমর্থন হারাচ্ছেন কি না—এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প সিএনবিসি টিভিকে বলেন, তিনি এই প্রতিযোগিতায় এত দূর পর্যন্ত এসেছেন তাঁর বিতর্কিত স্টাইলের জন্য। এখন তিনি তা বদলাতে পারবেন না, এমনকি সে জন্য যদি নির্বাচনে হার হয়, তবু নয়। ট্রাম্প মন্তব্য করেন, নির্বাচনে পরাজিত হলে তিনি ‘চমৎকার এক লম্বা ছুটিতে যাবেন’।

ট্রাম্পের প্রচারকাজে অর্থ না দেওয়ার আহ্বান: ডোনাল্ড ট্রাম্পের প্রচারকাজের খরচ দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়ে রিপাবলিকান পার্টির চেয়ারম্যান রেইন্স প্রিবাস বরাবর চিঠি দিয়েছেন দলটির প্রভাবশালী নেতারা।  অন্তত ৭০ জন রিপাবলিকান নেতা ওই চিঠিতে সই করে এ অনুরোধ জানিয়েছেন।