ট্রাম্পের প্রচারে এবার কোভিডের জোর ধাক্কা
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোভিড-১৯ এমনিতেই বড় প্রভাবক হয়ে উঠেছে। করোনা মহামারি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার দায় শুরু থেকেই নিতে হচ্ছে রিপাবলিকান প্রচার শিবিরের। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ট্রাম্প ও তাঁর প্রচার দল স্বস্তির শ্বাস ফেলেছিল। কিন্তু প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে সে স্বস্তিও দীর্ঘস্থায়ী হয়নি। এখন যুক্তরাষ্ট্রের বহু অঞ্চলে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। নির্বাচনের মাত্র দু সপ্তাহ আগে এটি বড় ধরনের দুর্ভাবনার কারণ হয়ে উঠেছে ট্রাম্প শিবিরের জন্য।
শেষ মুহূর্তের প্রচারের ডোনাল্ড ট্রাম্প এখন ‘সুইং স্টেট’ খ্যাত অঙ্গরাজ্যগুলো সফর করছেন। সেসব অঙ্গরাজ্যে গিয়ে তিনি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতেই প্রচার চালাচ্ছেন। কিন্তু এই অঙ্গরাজ্যগুলোর বাসিন্দারা তাঁর কোভিড-১৯ মোকাবিলার পন্থা নিয়ে সমালোচনামুখর। ট্রাম্প বিষয়টি বিবেচনাতেই নিচ্ছেন না। আর এতে করে তাঁর সফরের পর সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোয় বরং তাঁকে ও তাঁর প্রশাসন নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে।
করোনা মহামারির শুরু থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতকে পায় দলে মাস্ক পরার বিষয়টিকে দুর্বলতার নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির সঙ্গে একাধিকবার নানা বিষয়ে সরাসরি টক্কর লেগেছে তাঁর। দিয়েছেন উদ্ভট সব দাওয়াই। শেষ পর্যন্ত নিজে করোনা আক্রান্ত হলেও এই ধারায় এখনো কোনো পরিবর্তন আসেনি। এখনো তিনি মাস্ক পরাটাকে দুর্বলতা হিসেবেই দেখেন। তাঁর এই মনোভাব নিয়ে সরাসরি জনপরিসরে প্রশ্ন উত্থাপন করেছেন এবার ফাউসি। ফলে কোভিড মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার বিষয়টি এখন আরও স্পষ্ট হয়ে জনগণের সামনে এল।
কোভিড আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ২ লাখ ১৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতেও ডোনাল্ড ট্রাম্প দায়িত্বজ্ঞানহীন অনেক মন্তব্য করছেন। কোভিড মোকাবিলায় নিজের ব্যর্থতার বিষয়টি ঢাকতেই তিনি এমনটা করছেন। তাঁর সামনে বড় হয়ে উঠেছে শুধু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ। কিন্তু তাঁর এ অবস্থানের কারণে লাখো লোকের জীবন যে ঝুঁকিতে পড়তে পারে—সে কথা একদমই ভাবছেন না তিনি
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সামনে শীত। আর কোভিড আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ২ লাখ ১৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতেও ডোনাল্ড ট্রাম্প দায়িত্বজ্ঞানহীন অনেক মন্তব্য করছেন। কোভিড মোকাবিলায় নিজের ব্যর্থতার বিষয়টি ঢাকতেই তিনি এমনটা করছেন। তাঁর সামনে বড় হয়ে উঠেছে শুধু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ। কিন্তু তাঁর এ অবস্থানের কারণে লাখো লোকের জীবন যে ঝুঁকিতে পড়তে পারে—সে কথা একদমই ভাবছেন না তিনি। তিনি ভাবছেন না, তাঁর বক্তব্যের বড় প্রভাব রয়েছে তাঁর কট্টর সমর্থক হিসেবে পরিচিত লোকেদের ওপর।
ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তের প্রচার হিসেবে বড় বড় সমাবেশ করছেন। সেখানে তাঁর সমর্থকেরা জড়ো হচ্ছে, যেখানে কোনো শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে এ ধরনের সমাবেশ একমাত্র ট্রাম্পই করছেন। শুধু তাই নয়, করোনা মহামারি ঠেকাতে মিশিগানসহ যে কয়টা অঙ্গরাজ্যে কড়া বিধিনিষেধ মেনে চলা হচ্ছে, তার গভর্নরদেরও বিষোদ্গার করছেন তিনি। তিনি এমনকি গেল নির্বাচনের মতো করে তাঁর প্রতিদ্বন্দ্বীকে বন্দী করার স্লোগানও তুলছেন। তিনি নিজেই প্রচার করছেন ষড়যন্ত্র তত্ত্ব। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমারকে মানুষের সামনে ‘খল’ হিসেবে তুলে ধরছেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগে প্রায় সব জনমত জরিপে নিজের পিছিয়ে থাকাটা নিশ্চিতভাবেই মানতে পারছেন না। নিজের জয় নিয়ে চরম অনিশ্চয়তায় ভোগার কারণেই তিনি এখন নানা গুজব ছড়াচ্ছেন। তিনি বলছেন, তাঁকে হারাতে ডেমোক্র্যাটরা গভীর ষড়যন্ত্র করছে। উপশহরগুলো সফরের সময় তিনি শ্বেতাঙ্গ নারীদের ভয় দেখিয়ে বলছেন, বাইডেন ক্ষমতায় এলে তাঁদের অঞ্চলে আফ্রিকান আমেরিকানদের পুনর্বাসিত করবে। পুরো অঞ্চল কৃষ্ণাঙ্গ শরণার্থীতে ভরে যাবে। এমনকি তিনি ওসামা বিন লাদেন জীবিত আছেন বলেও দাবি করছেন। অথচ এসব দাবির কোনো ভিত্তিই নেই।
যুক্তরাষ্ট্রে এই কোভিড-১৯ মহামারিকালে সবচেয়ে বাজে যে বিষয়টি ঘটেছে, তা হলো স্বাস্থ্য সুরক্ষা নীতি নিয়ে রাজনীতি। আর এ কাজটি স্বয়ং প্রেসিডেন্টই করেছেন। মাস্ক পরা, শারীরিক দূরত্ব মেনে চলা ইত্যাদি বিষয়কে তিনি রাজনীতির বিষয় করে তুলেছেন। নির্বাচনী প্রচারের শেষ সময়ে এসেও তিনি এই রাজনীতি করে চলেছেন। আর এই বিষয়টিই আর সাধারণ ভোটারেরা নিতে পারছেন না। সর্বশেষ গত বৃহস্পতিবার এনবিসি টাউন হল সভায়ও ট্রাম্প দাবি করেছেন, যারা মাস্ক পরে তাদের ৮৫ শতাংশই কোভিড-১৯ আক্রান্ত হয়। অথচ এই দাবির পক্ষে কোনো যুক্তি-প্রমাণ নেই।
এ বিষয়ে গতকাল রোববার সিবিএস নিউজে প্রচারিত ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে অ্যান্থনি ফাউসি বলেন, ‘প্রেসিডেন্ট মাস্ক পরাকে দুর্বলতা কেন ভাবছেন, তা আমার কাছে বোধগম্য নয়। গবেষণায় দেখা গেছে, সংক্রামক ব্যাধি ঠেকাতে মাস্ক সত্যিই কাজ করে। শুরুতে আমিও একে অপ্রয়োজনীয় মনে করেছি। কিন্তু এখন আমার মত বদলেছে। যখন নিজের ভুল বুঝতে পারবেন, তখন তা স্বীকার করাটা আপনার সততার মধ্যে পড়ে।’
সিএনএন জানায়, গতকাল রোববার নেভাদা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারের সময়ও মাস্কের প্রস্ঙ্গটি তুলে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সমর্থকেরা মাস্ক পরছে দাবি করলেও ভিডিও ফুটেজে দেখা গেছে সমর্থকদের অল্পসংখ্যকের মুখেই মাস্ক রয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনা দ্বিতীয় ঢেউ এসে লেগেছে। পরিস্থিতি ক্রমেই বাজে দিকে যাচ্ছে। সিএনএনের তথ্যমতে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে এক দিনে ৬৯ হাজার নতুন শনাক্ত হয়েছে, যা গত জুলাইয়ের পর সর্বোচ্চ। বহু অঞ্চলে সংক্রমণ হার আশঙ্কাজনক হারে বাড়ছে
ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রচার দল যখন এ ধরনের বক্তব্য উপস্থাপন করছে, তখন বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রে করোনা দ্বিতীয় ঢেউ এসে লেগেছে। পরিস্থিতি ক্রমেই বাজে দিকে যাচ্ছে। সিএনএনের তথ্যমতে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে এক দিনে ৬৯ হাজার নতুন শনাক্ত হয়েছে, যা গত জুলাইয়ের পর সর্বোচ্চ। বহু অঞ্চলে সংক্রমণ হার আশঙ্কাজনক হারে বাড়ছে। সামনেই শীতকাল। এ অবস্থায় হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি অ্যালেক্স আজার টেলিভিশনে দেওয়া বিবৃতিতে সবাইকে সেই সব স্বাস্থ্যনীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন, যা তাঁর প্রেসিডেন্ট খারিজ করছেন নানা সভায়।
ফলে করোনা প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প জনপরিসরে যে আস্থাহীনতার মুখে পড়েছেন, তা ক্রমেই তীব্র হচ্ছে। নির্বাচনের আগে আগে এটি নিঃসন্দেহে তাঁকে বিপাকে ফেলছে। যদিও তিনি ভাবছেন, এর মাধ্যমে তিনি তাঁর ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনবেন। এতে অবশ্য বাইডেন শিবিরের জন্য সুবিধা হচ্ছে। কারণ, প্রেসিডেন্টের এমন আচরণ তাঁর প্রতিদ্বন্দ্বীর অবস্থানকেই আরও দৃঢ় করছে। বিষয়টি