ট্রাম্পের প্রতি মুসলিম সেনার বাবার ক্ষোভ

রিপাবলিকান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রয়াত এক মার্কিন সেনার বাবা খিজির খান। পাকিস্তানি বংশোদ্ভূত খিজিরের ২৭ বছর বয়সী ছেলে সেনাবাহিনীর ক্যাপ্টেন হুমায়ুন ২০০৪ সালে ইরাকে বোমা বিস্ফোরণে নিহত হন।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির সম্মেলনের শেষ দিনে বক্তব্য দেন খিজির খান। এ সময় তাঁর হিজাব পরিহিত স্ত্রী পাশেই ছিলেন। খিজির খান মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত ও নিরাপদ করতে মুসলমানদেরও ভূমিকা রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের ঢালাওভাবে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে অন্য মার্কিনদের সঙ্গে তাঁদের বিভেদ সৃষ্টির করার চেষ্টা করছেন—এই মন্তব্য করে খিজির খান বলেন, ট্রাম্প সম্ভবত আরলিংটনে অবস্থিত সামরিক বাহিনীর সদস্যদের কবরস্থানে কখনো যাননি। তিনি বলেন, ‘একবার ঘুরে আসুন, দেখে আসুন সেই সব সাহসী দেশপ্রেমিকের কবর, যাঁরা এই দেশের প্রতিরক্ষায় জীবন দিয়েছেন।’ খিজির বলেন, ট্রাম্প নিজে তাঁর জীবনে কোনো ত্যাগ স্বীকার করেননি।
পকেট থেকে মার্কিন সংবিধানের একটি কপি বের করে খিজির খান ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘আপনি কি কখনো এ দেশের শাসনতন্ত্র পড়ে দেখেছেন? আমি সানন্দে আমার কপিটি আপনাকে দিতে পারি।’
ট্রাম্প গত বছরের ডিসেম্বরে জঙ্গিবাদী হামলা ঠেকাতে সব মুসলিম অভিবাসীর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব করে তীব্রভাবে সমালোচিত হন। এরপরও বিশেষ করে কোনো জঙ্গি হামলার পরপর বিভিন্ন সময় মুসলিম ও অভিবাসীবিরোধী কথা বলে বিতর্কিত হয়েছেন তিনি।
খিজির খান বলেন, ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে মুসলিমদের চরিত্রে কালিমা লেপন করছেন। তিনি অন্য সংখ্যালঘু, নারী, বিচারক এমনকি তাঁর নিজ দলের নেতৃত্বকেও অশ্রদ্ধা করেন। ট্রাম্প এই দেশটিতে একটি দেওয়াল তুলতে চান এবং এ দেশে আমাদের নিষিদ্ধ করতে চান।