ট্রাম্পের প্রধান পরামর্শকের পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান পরামর্শক স্টিভ ব্যানন পদত্যাগ করেছেন। হোয়াইট হাউসের একটি সূত্র বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবিসির খবরে বলা হয়, স্টিভ ব্যাননের পদ নিয়ে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি পর্যালোচনা করছিলেন। এমন পরিস্থিতিতে ব্যানন নিজেই পদত্যাগ করলেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসে ‘প্রধান পরামর্শক’ পদ সৃষ্টি করে ব্যাননকে নিয়োগ দেন।
সিএনএনের খবরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সের বরাত দিয়ে বলা হয়, ‘জন কেলির সঙ্গে ব্যাননের বোঝাপড়ার মধ্য দিয়ে ঠিক হয়েছে আজ (শুক্রবার) হোয়াইট হাউসে ব্যাননের শেষ দিন। ব্যাননের এত দিনের কাজের জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। ব্যাননের মঙ্গল কামনা করছি।’ ব্যানন পদত্যাগ করেছেন নাকি তাঁকে বরখাস্ত করা হয়েছে—তা অবশ্য নিশ্চিত করেননি স্যান্ডার্স।
ব্যানন ডানপন্থী জাতীয়তাবাদী নেতা বলে পরিচিত। তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কাঠামো ঠিক করেছিলেন। মার্কিন গণমাধ্যমের খবর, ট্রাম্পের অন্য উপদেষ্টা ও পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাননের সম্পর্ক ভালো যাচ্ছিল না।