ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে প্রস্তুত ৩০ ইলেকটর!
নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে তাঁর বিরুদ্ধে ভোট দিতে ইলেকটোরাল কলেজের প্রায় ৩০ জন সদস্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন হার্ভার্ডের আইনের অধ্যাপক লেরি লেসিগ। নিজ ‘বিবেচনা অনুযায়ী’ ভোট দেওয়ার অধিকার রক্ষায় ওই ইলেকটরদের আইনি সহায়তা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।
লেরি লেসিগ অল্প সময়ের জন্য এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থিতা পাওয়ার চেষ্টা করেছিলেন। এখন পর্যন্ত একমাত্র রিপাবলিকান ইলেকটর, টেক্সাসের ক্রিস সাপার্ন প্রকাশ্যে বলেছেন, তিনি ১৯ ডিসেম্বর ইলেকটোরাল কলেজের বৈঠকে ট্রাম্পকে ভোট দেবেন না।
এমএসএসবিসির সঙ্গে গত মঙ্গলবার রাতে আলাপকালে লেরি লেসিগ বলেন, অনেকেই (ইলেকটর) ব্যক্তিগতভাবে নিজেদের নির্বাচিত করার ক্ষমতার কথা চিন্তা করছেন। এঁদের সংখ্যাটা ৩৭ ছুঁলে সংখ্যাগরিষ্ঠতার জন্য জরুরি ২৭০ এর লক্ষ্য থেকে ট্রাম্প ছিটকে পড়তেও পারেন।
জ্বালানিমন্ত্রী মনোনীত পেরি: বিবিসি জানায়, ডোনাল্ড ট্রাম্প তাঁর একসময়ের কড়া সমালোচক টেক্সাসের সাবেক গভর্নর রিক পেরিকে জ্বালানিমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়ে ট্রাম্প বলেন, টেক্সাসের গভর্নর হিসেবে রিক পেরি একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করেছিলেন।
যুক্তরাষ্ট্রের পরিবেশবাদী সংগঠনগুলো এই সিদ্ধান্তের নিন্দা করেছে। সংগঠনগুলোর আশঙ্কা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিষয়ে সন্দেহ প্রকাশকারী রিক পেরি নবায়নযোগ্য জ্বালানি থেকে সরে গিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির পথেই এগোবেন।