ট্রাম্পের ফোনে আড়ি পেতেছিলেন ওবামা!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, তিনি নির্বাচিত হওয়ার এক মাস আগে পূর্বসূরি বারাক ওবামা তাঁর টেলিফোনে আড়ি পাতেন। তবে এ অভিযোগর সমর্থনে কোনা তথ্যপ্রমাণ তুলে ধরেননি ট্রাম্প।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিক টুইটার পোস্টের একটিতে বলেন, ‘ভয়ংকর! মাত্র আবিষ্কার করলাম, প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের কয়েক দিন আগে আমার ট্রাম্প টাওয়ারের ফোনে আড়ি পাতেন ওবামা। কিন্তু কিছুই পাওয়া যায়নি।’
আরেক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘কতটা নিচু হলে ওবামা অত্যন্ত পবিত্র নির্বাচনী প্রক্রিয়ার সময় আমার টেলিফোনে আড়ি পাততে পারেন। এটা নিক্সন/ওয়াটারগেট কেলেঙ্কারির মতো ঘটনা।’
ট্রাম্পের অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য রয়টার্সের পক্ষ থেকে ওবামার কার্যালয়ের প্রতি অনুরোধ জানানো হলে তাৎক্ষণিকভাবে কোনো উত্তর পাওয়া যায়নি। ট্রাম্পের অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য হোয়াইট হাউসে যোগাযোগ করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।