ট্রাম্পের বক্তব্য ভয়ংকর: হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় নেতা—ডোনাল্ড ট্রাম্পের এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন হিলারি ক্লিনটন। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি নিউইয়র্ক সময় গতকাল বৃহস্পতিবার সকালে এক বিরল সংবাদ সম্মেলনে বলেছেন, এ ধরনের বক্তব্য শুধু ‘দেশপ্রেমবর্জিতই’ নয়, ‘ভয়ংকরও’।

সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন বিশেষ করে আন্তর্জাতিক ইস্যুতে নিজেকে একজন শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের মতো জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবুবকর আল বাগদাদিকে হত্যা করা হবে।

পুতিনের প্রশংসা করায় রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের নিন্দা করে হিলারি বলেন, ‘এ ধরনের বক্তব্যের মানে দাঁড়ায়, পুতিন যা করতে চান ট্রাম্প তাঁকে তাই করতে দেবেন এবং পরে পুতিনের পক্ষেই তিনি (ট্রাম্প) সাফাই গাইবেন।’