প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তুলবেন এবং এর জন্য মেক্সিকোকেই অর্থ দিতে হবে—ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যকে রীতিমতো উড়িয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রে থাকা মেক্সিকান অভিবাসীরা। তাঁরা বলছেন, ট্রাম্পের এমন বক্তব্য হাস্যরসের জন্ম দিয়েছে এবং তা অবাস্তব।
নির্বাচনী প্রচারণার প্রায় পুরোটা সময়জুড়েই অভিবাসনবিরোধী বক্তব্য দিয়ে আসছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে থাকা লাখ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা এবং অবৈধ প্রবেশ ঠেকাতে দক্ষিণের প্রতিবেশী মেক্সিকোর সঙ্গে বিশাল সীমান্তে দেয়াল তোলা।
অ্যারিজোনার সীমান্তবর্তী শহর নোগালেস। মেক্সিকো সীমান্তঘেঁষা ছোট এই শহরের অধিকাংশ বাসিন্দাই মেক্সিকো থেকে আসা অভিবাসী। অনেক পরিবার বহু বছর ধরে ওই শহরে বসবাস করছে। সেখানে ইতিমধ্যেই দেয়াল থাকা সত্ত্বেও লোকজন প্রতিনিয়ত যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে যাতায়াত করছে।
নোগালেসের বাসিন্দা ৩২ বছর বয়স্ক গোয়াদালুপে ম্যানরিকেজ মেক্সিকোর অভিবাসী। তিনি সীমান্ত এলাকার একটি সুগন্ধীর দোকানে কাজ করেন। অন্য অভিবাসীদের মতো তাঁরও মন্তব্য, ট্রাম্পের বক্তব্য বাস্তবায়নযোগ্য নয়। ম্যানরিকেজ বলেন, নোগালেস শহরে সবাই মেক্সিকোর অভিবাসী। সবাই ট্রাম্পের মন্তব্যকে মশকরা মনে করছেন।
অনেক বাসিন্দা সীমান্তের ১৮ ফুট উঁচু ইস্পাতের বেড়ার দিকে ইঙ্গিত করে বলেন, সীমান্তে তো দেয়াল এখনই আছে; কিন্তু মানুষ প্রতিনিয়ত সীমান্তের এপার-ওপারে যাওয়া আসা করছে।