ট্রাম্পের বক্তব্যে সহিংসতা বাড়ার অভিযোগ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সভায় গোলযোগ লেগেই আছে। গত কয়েক দিনে এই ক্যাসিনো ব্যবসায়ীর বিভিন্ন সভায় সহিংস গোলযোগের জন্য তাঁর উত্তেজক বক্তব্যকে দায়ী করা হচ্ছে।
সহিংসতার আশঙ্কায় গত শুক্রবার শিকাগোতে ট্রাম্প তাঁর সভা বাতিল করেন। গতকাল শনিবার ওহিওতে এক সভায় ট্রাম্পকে লক্ষ্য করে এক যুবক মঞ্চে উঠে এলে তাঁকে ধরে ফেলা হয়। একই দিন মিজৌরিতে বিক্ষোভকারীদের কারণে ট্রাম্পের জনসভা বার কয়েক বাধাগ্রস্ত হয়।
ট্রাম্পের দাবি, তিনি বা তাঁর সমর্থকেরা নন, বিক্ষোভকারীরাই গন্ডগোল পাকানোর জন্য দায়ী। ওই বিক্ষোভকারীদের অধিকাংশই ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্সের সমর্থক।
ট্রাম্প বলেন, ‘এরা (বিক্ষোভকারী) সবাই কমিউনিস্ট বার্নি স্যান্ডার্সের লোক।’
ট্রাম্পের তিন নিকট প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজ, গভর্নর জন কেইসিক ও সিনেটর মার্কো রুবিওর অভিযোগ, ট্রাম্পের বিভিন্ন সভায় সহিংস গোলযোগের জন্য তাঁর উত্তেজক কথাবার্তাই দায়ী।
ট্রাম্প ইতিমধ্যে তাঁর সমর্থকদের বিক্ষোভকারীদের মুগুর ধোলাই করার পরামর্শ দিয়েছেন। সভা থেকে একজন বিক্ষোভকারীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার সময় তিনি বলেছেন, ‘আগের দিন হলে এসব বিক্ষোভকারীকে স্ট্রেচারে করে সভা থেকে উদ্ধার করতে হতো।’
অধিকাংশ ভাষ্যকারও এ বিষয়ে একমত যে, ট্রাম্পের এ-জাতীয় বক্তব্য তাঁর সমর্থকদের মারমুখী হতে উৎসাহ জুগিয়েছে।
শনিবার নিজ অঙ্গরাজ্য ওহিওতে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের কাছে কেইসিক অভিযোগ করে বলেন, ট্রাম্পের উত্তেজক কথাবার্তার কারণে বিষাক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।
কেইসিক বলেন, ‘অনেক হয়েছে, আর নয়। আমেরিকায় এমন ব্যবহারের কোনো স্থান নেই।’
কঠোর ভাষায় ট্রাম্পের সমালোচনা করেছেন রুবিও। নিউইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প যে উত্তেজক ও সহিংস রাজনীতি করছেন, তা একমাত্র তৃতীয় বিশ্বের একনায়কদের সঙ্গে তুলনা চলে।
ট্রাম্প যদি রিপাবলিকান দলের মনোনয়ন পান, তা হলে রুবিও হয়তো তাঁকে (ট্রাম্প) সমর্থন নাও করতে পারেন বলে ইঙ্গিত দেন। রুবিও বলেন, ‘আমি জানি না সবাই সময়মতো বিপদ উপলব্ধি করতে পারবে কি না। যত দ্রুত সে সত্য আমরা বুঝতে সক্ষম হই, ততই মঙ্গল।’
১৫ মার্চের গুরুত্বপূর্ণ প্রাইমারির আগে ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান নেতৃত্ব যেভাবে একযোগে আক্রমণ শুরু করেছে, তার প্রভাব জনমতের ওপরে পড়তে শুরু করেছে।
ফ্লোরিডা ও ওহিওতে এক সপ্তাহ আগেও জনমত জরিপে ট্রাম্প বেশ ভালো রকম এগিয়ে ছিলেন। কিন্তু সবশেষ জরিপে ওহিওতে ট্রাম্পকে টপকে গেছেন কেইসিক। আর ফ্লোরিডায় রুবিওর সঙ্গে ট্রাম্পের দূরত্ব এখন সামান্য।
ট্রাম্প-বিরোধী প্রচারণা যে ফল দিচ্ছে, তার আরেক প্রমাণ শনিবার ওয়াওমিং ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাছাইপর্বের ভোট। ওই দুই অঙ্গরাজ্যে যথাক্রমে টেড ক্রুজ ও মার্কো রুবিও অধিকাংশ ডেলিগেট সংগ্রহে সক্ষম হয়েছেন।
এখন সবার নজর মঙ্গলবারের প্রাইমারির দিকে। এদিন ফ্লোরিডা, ইলিনয়, মিজৌরি, নর্থ ক্যারোলাইনা ও ওহিওতে ভোটগ্রহণ হবে।