ট্রাম্পের বিজ্ঞাপনে ভুলভাবে বক্তব্য তুলে ধরা হয়েছে, অভিযোগ ফাউসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও অ্যান্থনি ফাউসি
ছবি: এএফপি

অ্যান্থনি ফাউসি যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ। তিনি হোয়াইট হাউসের করোনা নিয়ন্ত্রণ বিষয়ক টাস্কফোর্সের সদস্য। করোনা মহামারি চলাকালে তাঁকে আমেরিকার লোকজন খুব বিশ্বাস করে আসছে। তাঁর এই বিশ্বাসযোগ্যতাকে কাজে লাগাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির নির্বাচনী বিজ্ঞাপনে ফাউসির বক্তব্য সম্পাদিত করে ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।

নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপনে ফাউসির বক্তব্য ব্যবহারের জন্য তাঁর কোনো অনুমতি নেওয়া হয়নি। ফাউসি বলেছেন, তাঁর একটি বক্তৃতার অংশবিশেষ প্রসঙ্গবহির্ভূতভাবে বিজ্ঞাপনে জুড়ে দেওয়া হয়েছে। এটা বিভ্রান্তিকর।

ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের একটি টিভি বিজ্ঞাপনে দেখা যায়, ফাউসি বলছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেউ আর বেশি কিছু করতে পারেন বলে তিনি ভাবতে পারেন না।

ফাউসির এই বক্তব্যটুকু শুনলে মনে হয়, তিনি বুঝি প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে কথাগুলো বলেছেন।

কিন্তু মূল বক্তব্যে ফাউসি মূলত নিজের ও চিকিৎসা কর্মকর্তাদের প্রসঙ্গে কথাগুলো বলেছিলেন।

করোনা মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ব্যর্থতা নেই, এমনটা প্রমাণ করার জন্য তাঁর প্রচার শিবির ফাউসির বক্তব্যের অংশবিশেষ বিজ্ঞাপনে জুড়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

ফাউসি সিএনএনকে বলেছেন, তাঁর প্রায় পাঁচ দশকের সরকারি চাকরি জীবনে তিনি কখনো কোনো রাজনৈতিক প্রার্থীর প্রতি সমর্থন জানাননি। রিপাবলিকান পার্টি তাঁর একটা বক্তব্য থেকে অংশবিশেষ নিয়ে বিজ্ঞাপনে ব্যবহার করেছে। প্রসঙ্গবহির্ভূতভাবে বিজ্ঞাপনে ওই বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে। বক্তব্য ব্যবহারের জন্য রিপাবলিকান পার্টি তাঁর অনুমতি পর্যন্ত নেয়নি।

ট্রাম্প করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল থেকে তিনি হোয়াইট হাউসে ফেরার পর ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনটি মিশিগান অঙ্গরাজ্যে প্রচারিত হতে থাকে। বিজ্ঞাপনে করোনাভাইরাস নিয়ে ট্রাম্পের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বলে হয়েছে।

বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প করোনার সংক্রমণ থেকে সেরে উঠছেন। যুক্তরাষ্ট্রের লোকজনও সেরে উঠছে। আমরা একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করব। আমাদের বয়স্কজনকে রক্ষা করব। তাঁদের কাছে জীবনরক্ষার ওষুধ সময়মতো বিনা মূল্যে পৌঁছে দেব।’

এসব কথার পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করছেন, এমন করে ফাউসির বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে বিজ্ঞাপনে।

ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র টিম মুর্তোফ বলেছেন, বিজ্ঞাপনে ব্যবহার করা বক্তব্য ফাউসির। জাতীয়ভাবে সম্প্রচারিত টিভি সাক্ষাৎকারে এসব কথা ফাউসির নিজের মুখ থেকে এসেছে বলে তিনি উল্লেখ করেন। এই বক্তব্যে ফাউসি করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেছেন ও তাঁর বক্তব্য সত্য বলে টিম মুর্তোফ উল্লেখ করেন।

ফাউসির জনপ্রিয়তা নিয়ে গত জুলাই মাসে প্রেসিডেন্ট ট্রাম্প বিদ্রূপ করেন। তখন তিনি বলেন, ফাউসির জনপ্রিয়তা কেন বেশি, কেন তাঁর (ট্রাম্প) নিজের নয়!

ফাউসি তাঁর প্রশাসনে কাজ করেন, উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, তিনি ইচ্ছে করলে অন্য কাউকে এই দায়িত্ব দিতে পারতেন।

১১ অক্টোবর এবিসি টিভির জন কার্ল জানিয়েছেন, তাঁর অনুষ্ঠানে ফাউসিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ফাউসি রাজি থাকলেও হোয়াইট হাউস থেকে টিভি অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ব্লক করে দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের জনসংযোগ কর্মকর্তা আলিসা ফারাহ এক টুইটে জানিয়েছেন, গত সপ্তাহে ফাউসি অনেকগুলো টিভিতে উপস্থিত ছিলেন।