ট্রাম্পের বিদেশনীতিতে ধূম্রজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

গত কয়েক দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরস্পরবিরোধী একাধিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন। টুইটের মাধ্যমে ঘোষিত এসব সিদ্ধান্তের পেছনে কোনো সুচিন্তিত কৌশল আছে কি না, তা স্পষ্ট নয়। পররাষ্ট্র দপ্তর ও জাতীয় নিরাপত্তা পরিষদে এসব নিয়ে আলোচনার প্রমাণও নেই। ফলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রশ্নে স্বচ্ছতার বদলে ক্রমাগত ধূম্রজাল তৈরি হচ্ছে।

সবচেয়ে বিস্ময়ের সৃষ্টি করেছে মস্কোর সঙ্গে সম্পর্কের ব্যাপারে আমেরিকার ‘টুইটার প্রেসিডেন্টের’ সিদ্ধান্ত। যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া রুশ গুপ্তচর ও তাঁর মেয়েকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বিষাক্ত গ্যাসে হত্যার চেষ্টা হয়—এই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে ট্রাম্প ৬০ জন রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেন। একই সঙ্গে তিনি নিজের উপদেষ্টাদের পরামর্শ উপেক্ষা করে পুতিনকে তাঁর বিতর্কিত নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানান। আমন্ত্রণ জানান হোয়াইট হাউসেও। স্বভাবতই এটি মার্কিন মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে।

গত মঙ্গলবার হোয়াইট হাউসে বাল্টিক প্রজাতন্ত্রের তিন নেতার সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প রাশিয়ার ব্যাপারে নিজেকে অন্য সবার চেয়ে কঠোর বলে ঘোষণা করেন। পাশাপাশি এ কথাও বলেন, তিনি মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান। এই দুইয়ের মধ্যে যে দ্বন্দ্ব আছে, ট্রাম্পের কথায় তার বিন্দুমাত্র আঁচ ছিল না।

একই রকম বিস্ময়ের সৃষ্টি করেছে সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণায়। গত সপ্তাহে এক টুইটে ট্রাম্প বলেন, ‘খুব শিগগির’ যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে। ট্রাম্পের এই ঘোষণায় সরকারি মহলে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, ‘সিরিয়ায় আমাদের অনেক কাজ এখনো অসম্পূর্ণ।’ আর মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল বলেছেন, সিরিয়া ছেড়ে যাওয়ার সময় এখনো আসেনি।

আরও বিস্ময়কর ছিল মেক্সিকো সীমান্তে মার্কিন সেনা পাঠানোর ব্যাপারে ট্রাম্পের ঘোষণা। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে ট্রাম্প ঘোষণা করেন, তিনি মেক্সিকো সীমান্তে মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। মেক্সিকো থেকে অবৈধ অভিবাসীদের আগমন ঠেকাতে এই ব্যবস্থা। জানা গেছে, ট্রাম্পের ঘোষণার আগে হোয়াইট হাউসে কেউই বিষয়টি জানতেন না।

ঘোষণাগুলো পরস্পরবিরোধী মনে হলেও এর পেছনে ট্রাম্পের নিজের রাজনৈতিক প্রয়োজন কাজ করেছে বলে মনে হয়। অবৈধ অভিবাসন বন্ধ ও মেক্সিকো সীমান্ত বরাবর দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। এক বছর পরেও সেই দেয়াল নির্মাণের কাজ শুরু হয়নি। এই দেয়ালের জন্য ট্রাম্প কংগ্রেসের কাছে ২৫ বিলিয়ন ডলার দাবি করেছিলেন। গত মাসে কংগ্রেস ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ পাস করে; তাতে ট্রাম্পের প্রস্তাবিত দেয়ালের জন্য মাত্র ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের ব্যবস্থা রাখা হয়েছে। কংগ্রেসের উভয় কক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও ট্রাম্পের ব্যর্থতা তাঁর সমর্থকদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। নিজের অনুগত সমর্থকদের খুশি রাখতেই ট্রাম্প অভিবাসন প্রশ্নে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন।

একই কারণে ট্রাম্প ইরান প্রশ্নেও কঠোর ব্যবস্থা নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ পর্যবেক্ষক মনে করেন, অতি কট্টরপন্থী বলে পরিচিত জন বোল্টনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগের পেছনে ‘কঠোর হও’ এই মন্ত্র কাজ করে থাকতে পারে। দায়িত্ব গ্রহণের আগে বোল্টন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি এককভাবে বাতিলের পক্ষে যুক্তি দেখিয়েছিলেন। তাঁর প্রস্তাব ছিল, ইরানের বোমা থামাতে হলে ইরানের ওপর বোমা ফেলতে হবে।

ট্রাম্প যদি এককভাবে ইরান চুক্তি বাতিল ঘোষণা করেন; তাহলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক অস্থিরতা বাড়বে বলে পর্যবেক্ষকেরা মনে করেন। এতে সবচেয়ে বেশি লাভ হবে ইরানেরই। সাবেক মার্কিন কূটনীতিক ডেনিস রস বলেছেন, যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করলেও অন্যান্য পশ্চিমা শক্তি ও রাশিয়া, যারা এই আন্তর্জাতিক চুক্তি সই করেছে; তারা কেউ চুক্তির বিপক্ষে পদক্ষেপ নেবে না। এই অবস্থায় ইরান নয়, একঘরে হবে আমেরিকা।