ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব দুই কংগ্রেসম্যানের
এত দিন বিভিন্ন মহল থেকে রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবিরের আঁতাতের অভিযোগ উঠলেও কোনো প্রমাণ মেলেনি। এবার ট্রাম্প জুনিয়র তা হাতে তুলে দিয়েছেন। এ ঘটনার সুযোগ নিয়ে দুজন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব তুলেছেন। তাঁদের একজন ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ব্রাড শেরম্যান, অন্যজন টেক্সাসের আল গ্রিন। তাঁদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের ‘অপরাধ ও অপকর্ম’ করেছেন।
কংগ্রেসম্যান শেরম্যান এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ফাঁস হওয়া তথ্য থেকে এটা স্পষ্ট, ট্রাম্প জুনিয়র রাশিয়ার কাছ থেকে নির্বাচনের ফল প্রভাবিত করার লক্ষ্যে দেশটির সমর্থন চেয়েছিলেন। রাশিয়ার সঙ্গে তাঁর প্রচারশিবিরের এ গোপন আঁতাত লুকাতেই ট্রাম্প সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন ও অন্য সহযোগীদের ব্যাপারে এফবিআই যে তদন্ত করছে, তা বাতিল করতে চান। একই উদ্দেশ্যে তিনি সাবেক এফবিআই প্রধান জেমস কোমিকে পদচ্যুত করেছেন। এসব কর্মকাণ্ড থেকে কোনো সন্দেহ নেই যে, ট্রাম্প ন্যায়বিচার অর্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টির চেষ্টা করছেন। তাই এ অভিশংসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অধিকাংশ ডেমোক্রেটিক ও কিছু রিপাবলিকান কংগ্রেস সদস্য রুশ-ট্রাম্প শিবির ‘আঁতাতের’ ব্যাপারে নিঃসন্দেহ হলেও তাঁরা চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিশংসনের দাবি তোলার বিপক্ষে। কংগ্রেসে ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, এখনই এমন দাবি নিয়ে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে তিনি যুদ্ধে নামতে চান না। এতে হিতে বিপরীত হতে পারে। অধিকাংশ ডেমোক্রেটিক নির্বাচনী কৌশলবিদেরও ধারণা, জাতীয় পর্যায়ে ট্রাম্পের সমর্থন ৪০ শতাংশের কম হলেও তৃণমূল পর্যায়ে তিনি এখনো দারুণ জনপ্রিয়। রিপাবলিকানদের মধ্যে ৮৫ শতাংশ ভোটার এখনো ট্রাম্পের পক্ষত্যাগে প্রস্তুত নয়। সে কারণে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের প্রায় কেউই ট্রাম্প-সমর্থকদের চটাতে চান না। ২০১৮ সালে কংগ্রেসে যে মধ্যবর্তী নির্বাচন হবে, এই তৃণমূল সমর্থনের জোরেই প্রতিনিধি পরিষদে তাঁদের চলতি নিয়ন্ত্রণ বজায় রাখার আশা করছে রিপাবলিকান পার্টি। রিপাবলিকান নিয়ন্ত্রিত অঞ্চলসমূহে ডেমোক্র্যাটরা পা রাখার যে জায়গা খুঁজছে, তাতেও এ তৃণমূল পর্যায়ের সমর্থন প্রয়োজন পড়বে।
অধিকাংশ ভাষ্যকারের ধারণা, কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকান নেতৃত্ব ট্রাম্পের প্রতি আনুগত্য ত্যাগ না করলে অভিশংসনের দাবি সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে রাশিয়া আঁতাত নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের যোগাযোগ নিয়ে ক্রমে যে নিত্যনতুন তথ্য বেরোচ্ছে, তাতে এ দলের কেউ কেউ সুর বদলাতে শুরু করেছেন।