ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের এটাই সময়: কর্টেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ
আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার জন্য কাজ শুরুর আহ্বান জানিয়েছেন তরুণ কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। নিউইয়র্ক নগরীর কুইন্সের টাউনহলে ২১ মে আয়োজিত এক সভায় তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব নিয়ে কাজ শুরুর এখনই সময়।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই তাঁকে অভিশংসিত করার বিষয়টি বিভিন্ন সময় আলোচিত হয়েছে। কেউ কেউ তাঁকে অভিশংসন করা যায় এমন প্রমাণ হাজিরের জন্য শত কোটি ডলার পুরস্কার ঘোণা করেও বিজ্ঞপ্তি দেন। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সর্বশেষ গত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাত নিয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারের তদন্ত প্রতিবেদনের দিকে তাকিয়েছিলেন সবাই। কিন্তু সেখানেও ম্যুলার এমন কোনো পদক্ষেপের কথা সরাসরি কোনো অভিযোগ না আনায় প্রেসিডেন্ট ট্রাম্প বেঁচে যান একরকম। বিষয়টি তারপরও আলোচনায় এলে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এমন কোনো পদক্ষেপ গ্রহণের সম্ভাবনার কথা উড়িয়ে দেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ন্যান্সি পেলোসি বরং প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন কংগ্রেস প্যানেল পরিচালিত তদন্তকে সমর্থন দেওয়াকেই অধিক প্রয়োজনীয় মনে করছেন। তাঁর মতে এখন প্রেসিডেন্টকে অভিশংসিত করার পদক্ষেপ গ্রহণের বদলে বরং এ তদন্তগুলো সফলভাবে শেষ করায় সমর্থন জানানোটা জরুরি। যদিও ডেমোক্রেটিক দলের অনেক নেতাই তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করছেন। তাঁদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার জন্য তদন্ত শুরু করাটা জরুরি। এই দলে রয়েছেন বিস্ময় সৃষ্টি করে কংগ্রেস সদস্য নির্বাচিত হওয়া তরুণ ডেমোক্র্যাট আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।
ওকাসিও-কর্টেজ বলেন, ‘আমার মতে তাঁর বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর এটাই মোক্ষম সময়। আমাদের সামনে আর কোনো বিকল্পই নেই। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার বিষয়ে চলা তদন্ত কার্যক্রমে প্রশাসন বাধা দিয়েছে—এমন প্রমাণ রয়েছে ম্যুলার প্রতিবেদনে। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের দায় সরাসরি বর্তায় কংগ্রেসের কাঁধে।’
উল্লেখ্য, রবার্ট ম্যুলারের প্রতিবেদনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তদন্তকাজে বাধা সৃষ্টি করেছেন বলে সরাসরি উল্লেখ করা না হলেও, এ অভিযোগ থেকে তাঁকে মুক্তিও দেওয়া হয়নি।
এ বিষয়ে ওকাসিও-কর্টেজ বলেন, ‘তদন্তের অংশ হিসেবে বিভিন্ন ব্যক্তিকে কংগ্রেস শমন দিলেও প্রেসিডেন্ট নিজেই তাতে বাধা দিয়েছেন। সাক্ষীদের তিনি নিরুৎসাহিত করেছেন কংগ্রেসের সামনে আসতে। সর্বশেষ ২১ মে হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা ডন ম্যাগ্যান প্রতিনিধি পরিষদের বিচারিক কমিটির শমন অগ্রাহ্য করেছেন। এমন এক পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে, যা আমাদের কাজ করতেই বাধা দিচ্ছে। আমার মনে হয় এটাই আসল সময়, এই যাবতীয় প্রমাণকে সামনে এনে নির্বাহী বিভাগের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনপ্রণেতা হিসেবে নিজেদের ক্ষমতা প্রয়োগ করার। আমি জানি না প্রতিনিধি পরিষদে অভিশংসনের পক্ষে কতজন ডেমোক্র্যাট রয়েছেন। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এমন প্রস্তাব উঠলে তার বিরোধিতা করার মতো লোক কম পাওয়া যাবে।’
প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে ডেমোক্র্যাটদের একটি বড় অংশই রয়েছেন। তাঁরা নিয়মিতভাবে বিষয়টি নিয়ে কথা বলছেন। ২০ মে স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে অভিশংসনের পক্ষের ডেমোক্র্যাট নেতারা বৈঠক করেন। ওই বৈঠক শেষে একাধিক নেতা জানিয়েছেন, ন্যান্সি পেলোসি এখন কিছুটা বুঝতে পারছেন যে, অভিশংসন প্রস্তাব তোলার পক্ষের পরিবেশ সৃষ্টি হচ্ছে।
শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলা হয় কিনা তা সময়ই বলে দেবে। তবে নির্বাচনের আগে আগে এমন প্রস্তাবের প্রভাব থাকবে ব্যাপক। কারণ প্রস্তাব গৃহীত হলে নিশ্চিত বিজয়। আর প্রত্যাখ্যাত হলে তা ডেমোক্র্যাটদের জন্যই বড় ঝুঁকি তৈরি করবে।