ট্রাম্পের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে
প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিন থেকেই বিক্ষোভের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সে বিক্ষোভ প্রশমনের বদলে আরও বিস্তৃত হচ্ছে। শুধু রাজনৈতিক মহলেই নয়, এই বিক্ষোভ এখন প্রশাসনের ভেতরেও সম্প্রসারিত হয়েছে। বিভিন্ন সরকারি বিভাগের কর্মচারীরা ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে অসন্তোষ জানানো শুরু করেছেন।
সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ প্রথম প্রকাশ পায় ট্রাম্পের ‘মুসলিম নিষিদ্ধকরণ’ ঘোষণার পর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা এক চিঠিতে তাঁদের ‘ভিন্নমত’ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত করার বদলে এর ফলে দেশের ভেতরে ও বাইরে সন্ত্রাসী হামলা আরও বৃদ্ধি পাবে। ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সংগ্রহে সাহায্য করবে। নিউইয়র্ক টাইমস-এর হিসাবে, ওই চিঠিতে স্বাক্ষরকারীর সংখ্যা এখন প্রায় ১০০০।
ফেডারেল পর্যায়ে আরও কয়েকটি দপ্তরের কর্মচারীরা ট্রাম্পের প্রস্তাবিত নীতিমালার বিরুদ্ধে অসম্মতি প্রকাশ করা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন। এসব দপ্তরের মধ্যে উল্লেখযোগ্য হলো পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য ও মানবিক সাহায্য ও বিচার বিভাগ। এদের অনেকেই কর্মক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি অনুসরণের কথা জানিয়েছে। সবচেয়ে প্রত্যক্ষ চ্যালেঞ্জ এসেছে বিচার বিভাগ থেকে। একাধিক ফেডারেল আদালত ওই ঘোষণাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এর বাস্তবায়ন স্থগিত ঘোষণা করেছেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস ওই নির্বাহী আদেশ অসাংবিধানিক এবং সমর্থনযোগ্য নয় ঘোষণার পর তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিরোধ এখনো প্রাথমিক পর্যায়ে হলেও তা এত ব্যাপক ও গভীর যে কর্মকর্তাদের অনেকেই সরকারি কাজকর্মে স্থবিরতার আশঙ্কা করছেন।
এদিকে ২১ জানুয়ারির ‘নারী পথযাত্রা’র সাফল্যে উৎসাহিত হয়ে একদল পরিবেশবাদী পরবর্তী পথযাত্রার কথা ঘোষণা করেছে। ‘মার্চ ফর সায়েন্স’ নামে একটি ওয়েবভিত্তিক সংগঠন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি বাতিল ও পরিবেশ সংরক্ষণ প্রশ্নে ওবামা আমলের অগ্রগতি রদের যে ইঙ্গিত করেছে, তার প্রতিবাদে ২২ এপ্রিল ধরিত্রী দিবসে ওয়াশিংটনে ‘বিজ্ঞানের জন্য পথযাত্রা’ অনুষ্ঠিত হবে।
ক্ষমতা গ্রহণের পরের দিনই ট্রাম্প প্রশাসনের নির্দেশে পরিবেশ সংরক্ষণ দপ্তরের ওয়েবসাইটে জলবায়ু পরিবর্তন প্রশ্নে সব উল্লেখ মুছে ফেলা হয়। যেসব কর্মকর্তা জলবায়ু পরিবর্তন প্রশ্নে গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগে যুক্ত ছিলেন, তাঁদের তালিকা প্রস্তুতেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আরও একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল, যা যুক্তরাষ্ট্রে ‘ট্যাক্স ডে’ নামে পরিচিত। এর অন্যতম লক্ষ্য হবে ট্রাম্পকে তাঁর আয়কর দাখিলের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য করা।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিশিল্পের প্রধান ব্যক্তিরাও ট্রাম্পের ‘মুসলিম নিষিদ্ধকরণ’ আদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সিলিকন ভ্যালির প্রথম সারির একাধিক প্রতিষ্ঠান জানিয়েছে, তারা বিভিন্ন দেশ থেকে আসা কর্মীর ওপর নির্ভরশীল। ট্রাম্পের অভিবাসনবিরোধী অবস্থান প্রযুক্তিশিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন সানফ্রানসিসকো বিমানবন্দরে বিক্ষোভে অংশ নিয়েছেন। ট্রাম্পের আদেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সহায়তার জন্য ‘লিফট’ যুক্তরাষ্ট্রের সিভিল লিবার্টিজ ইউনিয়নকে দশ লাখ ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। এমনকি ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচিত উবার ও টেসলা কোম্পানির দুই প্রধান নির্বাহী বলেছেন, এই নির্দেশ রদের ব্যাপারে তাঁরা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন।