ট্রাম্পের বিরুদ্ধে আবারও মিথ্যাচারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিন থেকেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ উঠছে। অকারণে রাজনৈতিক বিতর্কও সৃষ্টি করে চলেছেন। তাঁর বিরুদ্ধে সবশেষ অভিযোগ উঠেছে নাইজারে নিহত এক মার্কিন সেনার পরিবারের কাছে শোকবার্তা পাঠানো নিয়ে।
প্রত্যেক মার্কিন সেনাসদস্যের মৃত্যুর পর প্রেসিডেন্ট সরাসরি শোক প্রকাশ করবেন, যুক্তরাষ্ট্রে এটাই রীতি। গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প নাইজারে নিহত সার্জেন্ট ডেভিড টি জনসনের মাকে ফোন করে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন। অভিযোগ উঠেছে, শোক প্রকাশের সময় ট্রাম্প এমন কথাও বলেছিলেন, সেনাবাহিনীতে যোগদানের সময় ডেভিড জানতেন তাঁর জন্য কী বিপদ অপেক্ষা করছে। একজন শোকগ্রস্ত মাকে এই ভাষায় ‘কার্যত তিরস্কার’ করায় সব মহলেই বিস্ময় প্রকাশ করা হয়েছে।
ডেভিডের মা কোয়ান্ডা জনসনকে প্রেসিডেন্ট এমন কথা বলেছেন, এই অভিযোগ প্রথম আসে ফ্লোরিডার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সদস্য ফ্রেডারিকা উইলসনের কাছ থেকে। প্রেসিডেন্ট যখন কোয়ান্ডাকে ফোন করেন, তখন তাঁর পাশে ছিলেন উইলসন। এই অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে জানানো হলো, ট্রাম্প মোটেই এমন কথা বলেননি। ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টের কথা নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে।
এক সাংবাদিককে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে জানালেন, ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য মিথ্যা কথা বলেছেন। এর এক দিন পর কোয়ান্ডা নিজে জানালেন ঠিক ওই কথাগুলোই ট্রাম্প বলেছিলেন। ‘ট্রাম্প শুধু আমার ছেলেকে নয়, আমাকে ও আমার স্বামীর প্রতি অসম্মান দেখিয়েছেন’ বলেছেন কোয়ান্ডা।
নাইজারে নিহত চারজন মার্কিন সেনাসদস্যের প্রতি শোকবার্তা পাঠানো নিয়ে আরও এক মিথ্যাচারের অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, নিহত প্রত্যেক সৈনিকের পরিবারকে তিনি ফোন করে ও চিঠি লিখে শোক জানিয়েছেন। অথচ প্রেসিডেন্ট ওবামা এই নিয়ম অনুসরণ করতেন না। কথাটা সত্য নয়, ট্রাম্পকে এ কথা জানানো হলে তিনি জানান, তাঁকে এ কথাই জানানো হয়েছিল। ব্যাপারটা এখানেই থেমে থাকেনি। ওবামা যে সত্যি সত্যি সব নিহত সৈনিকের পরিবারের কাছে শোকবার্তা পাঠাননি, এর প্রমাণ হিসেবে জেনারেল কেলির কথা উল্লেখ করেন।
প্রসঙ্গত, কেলির ছেলে ইরাকে নিহত হয়েছিলেন। ওবামা কেলিকে কোনো চিঠি না লিখলেও নিহত সৈনিকদের পরিবারের জন্য হোয়াইট হাউসে আয়োজিত এক ভোজে তাঁকে ও মিসেস কেলিকে আমন্ত্রণ জানিয়েছিলেন।