ট্রাম্পের বিরুদ্ধে পর্নো অভিনেত্রীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে গলফ মাঠে ট্রাম্প ও ড্রেকের একটি ছবি দেখানো হয়।ছবি :এএফপি
সংবাদ সম্মেলনে গলফ মাঠে ট্রাম্প ও ড্রেকের একটি ছবি দেখানো হয়।ছবি :এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এবার এ অভিযোগ তুললেন পর্নো অভিনেত্রী জেসিকা ড্রেক। তিনি অভিযোগ করেন, ট্রাম্প তাঁকে একা তাঁর হোটেল কক্ষে যাওয়ার জন্য ১০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আজ রোববার এএফপির প্রতিবেদনে এমনটাই বলা হয়।

এ নিয়ে অন্তত ১১ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন।


গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গেটিসবার্গে বক্তব্য দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প যৌন নিপীড়নের অভিযোগ করা নারীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। তাঁর দাবি, অভিযোগকারী সব নারীর ভাষ্য ‘মিথ্যা’। নির্বাচনের পর মিথ্যাবাদী এই নারীদের ‘একহাত’ নেওয়ারও হুমকি দেন তিনি।

গতকাল শনিবার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড্রেক বলেন, ২০০৬ সালে ক্যালিফোর্নিয়ার লেক টাহোতে এক গলফ খেলার মাঠে ট্রাম্পের সঙ্গে দেখা হয়েছিল। সেখানে তিনি (ট্রাম্প) তাঁর সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন ​এবং তাঁর সঙ্গে গলফ মাঠে হাঁটার আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি তিনি তাঁকে হোটেলের কক্ষেও আমন্ত্রণ জানান।

জেসিকা ড্রেক। ছবি: এএফপি
জেসিকা ড্রেক। ছবি: এএফপি

ট্রাম্পের আমন্ত্রণে ড্রেক আরও দুজন নারীর সঙ্গে সেখানে গিয়েছিলেন। তাঁরা যখন ট্রাম্পের কক্ষে পৌঁছান, ট্রাম্প তখন ঘুমানোর পোশাকে ছিলেন। ট্রাম্প তাঁদের দেখেই প্রত্যেককে চেপে জড়িয়ে ধরেন ও চুমু খান। অথচ এ জন্য তিনি কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি। এমনকি তাঁদের কাছে জানতে চান, পর্নো মুভিতে অভিনয় করতে কেমন লাগে।

এরপর সেখান থেকে চলে আসার পর ট্রাম্প তাঁকে ফোন করেন এবং তাঁকে নিজের সুইটে যেতে ও একটি পার্টিতে যাওয়ার আমন্ত্রণ জানান। এ সময় বলেন, ‘তুমি কী চাও? কত চাও?’
ড্রেক এতে রাজি না হওয়ায় আবারও তাঁর কাছে আরেকটি ফোন আসে। ফোনটি হয় ট্রাম্প, নাহয় তাঁরই কোনো লোক করেছিলেন। এ সময় তাঁকে ১০ হাজার ডলার প্রস্তাব করা হয় এবং রাজি থাকলে লস অ্যাঞ্জেলেস থেকে ট্রাম্পের ব্যক্তিগত বিমানে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
ড্রেকের এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাঁর আইনজীবী গ্লোরিয়া অ্যালরেড। সেখানে গলফ মাঠে ট্রাম্প ও ড্রেকের একটি ছবি দেখানো হয়। ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা আরও দুই নারীর প্রতিনিধিত্ব করেন গ্লোরিয়া।

তবে ট্রাম্পের সমর্থকেরা ড্রেকের এ অভিযোগ অস্বীকার করেছেন। এক বিবৃতিতে বলা হয়, ‘এ গল্প পুরোপুরি মিথ্যা ও হাস্যকর। ট্রাম্প এই নারীকে চেনেন না। এমনকি তিনি কে, এ ব্যাপারে তাঁর কোনো আগ্রহও নেই।’

এটা ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার শিবিরের আরেকটি প্রচারণা বলে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, তিনটি পৃথক জরিপে এগিয়ে থাকা ট্রাম্পকে অপবাদ দিতে এটি করা হয়েছে।