স্বাস্থ্য সুরক্ষা তহবিল কমাতে হোয়াইট হাউসের নেওয়া উদ্যোগের কারণে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করবে নিউইয়র্ক। একই পদক্ষেপের ঘোষণা এসেছে ক্যালিফোর্নিয়া থেকেও। ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্য সুরক্ষা আইন বিষয়ে ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশের পর দুই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ১৫ অক্টোবর এ ঘোষণা দেন।
এ বিষয়ে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নেইডারম্যান এক বিবৃতিতে বলেন, ‘নিউইয়র্কের লাখ লাখ পরিবার ওবামাকেয়ারের আওতায় দেওয়া স্বাস্থ্য সুরক্ষা ভর্তুকির ওপর নির্ভর করে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বারবার এ ভর্তুকি কাটার হুমকি দিচ্ছেন। আমাদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা বাতিলের জন্য কংগ্রেসের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে তিনি এটি করছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
স্নেইডারম্যান বলেন, ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (ওবামাকেয়ার) যেকোনো পন্থায় বাতিলের লক্ষ্যে চলমান রাজনীতির খেলায় নিউইয়র্কের পরিবারগুলোকে দাবার ঘুঁটি হিসেবে আমি ব্যবহার করতে দিতে পারি না। ট্রাম্প যদি এ ভর্তুকি কাটেন, শেষ পর্যন্ত তাহলে আমরা কয়েকটি অঙ্গরাজ্য একযোগে এর বিরুদ্ধে মামলা করব।’
একই দিনে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জাভিয়ের বেসেরা এক টুইটার পোস্টে লেখেন, স্বাস্থ্য সুরক্ষা তহবিল রক্ষায় আমি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে প্রস্তুত রয়েছি।
১২ অক্টোবর ওবামাকেয়ারের আওতায় স্বাস্থ্যবিমার বিপরীতে সরকার থেকে দেওয়া ভর্তুকির পরিমাণ কমানোর ঘোষণা দেয় হোয়াইট হাউস। ওবামাকেয়ার বাতিল ও তা নতুন একটি স্বাস্থ্য সুরক্ষা আইন দ্বারা তা প্রতিস্থাপনে রিপাবলিকানদের যাবতীয় চেষ্টার মধ্যে সাম্প্রতিক এ পদক্ষেপই সবচেয়ে আগ্রাসী। ওবামাকেয়ারের আওতায় বর্তমানে প্রায় ৭ বিলিয়ন ডলার ভর্তুকি হিসেবে দেওয়া হচ্ছে। এত বিপুল পরিমাণ অর্থ আইনত দেওয়া সম্ভব নয় বলে ওই দিন সাফ জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস।