ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকলেন সেই নারী

ক্ষমতায় যাওয়ার আগে নতুন সমস্যায় জড়ালেন ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দিলেন এক নারী, যিনি এর আগে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন।
একসময় মার্কিন টেলিভিশন এনবিসির শো দ্য অ্যাপ্রেনটিস উপস্থাপনা করতেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে পঞ্চম সেশনের প্রতিযোগী ছিলেন সামার জারভস। নির্বাচনের আগে তিনি অভিযোগ করেন, চাকরির সুযোগ করে দেওয়ার কথা বলে ট্রাম্প তাঁকে যৌন হয়রানি করেছিলেন। ২০০৭ সালের ডিসেম্বরে নিউইয়র্কের বেভারলি হোটেলে তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান। যেখানে ট্রাম্প ওই নারীর অনুমতি ছাড়াই তাঁকে চুমু খান। তখন টুইটার, বার্তা এবং নির্বাচনী জনসভায় যৌন হয়রানির অভিযোগ করেন।
১৪ অক্টোবর নর্থ ক্যারোলাইনার শার্লটে এক নির্বাচনী সভায় ট্রাম্প জারভসকে ইঙ্গিত করে বলেছিলেন, দাবিগুলো মিথ্যা। অর্থ লাভ এবং রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য তিনি এই দাবি করেন। মঙ্গলবার দায়ের করা মামলায় জারভস অভিযোগ করেন, ট্রাম্পের ওই বক্তব্য তাঁর সম্মানহানি করেছে। আইনজীবী গ্লোরিয়া অলরেড তাঁকে মামলা করতে সহযোগিতা করেন। গ্লোরিয়া নিজে ডেমোক্রেটিক পার্টির একজন কর্মী।
লস অ্যাঞ্জেলসে সংবাদ সম্মেলনে জারভস বলেন, ট্রাম্প একজন মিথ্যুক, নারীর প্রতি বিদ্বেষপরায়ণ। তিনি তাঁকে (জারভস) হেয় ও অপমানিত করেছেন বক্তব্যের মাধ্যমে। তিনি বলেন, ‘আমি তাঁকে (ট্রাম্পকে) অনুরোধ করেছিলাম তাঁর কথা ফিরিয়ে নিতে। মাফ চাইতে। কিন্তু তিনি তা করেননি। ফলে মামলা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।’
জারভস আরও বলেন, ‘আমি ট্রাম্পের বিরুদ্ধে মামলা তুলে নিতে রাজি আছি। তবে টাকার বিনিময়ে নয়। বরং তিনি যদি তাঁর বক্তব্য প্রত্যাহার করেন এবং আমার দাবি যে সত্য, তা স্বীকার করে নেন, তবেই মামলা তুলে নেব আমি।’
নির্বাচনের আগে অনেক নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের কথা তুলে ধরেছেন সাংবাদিকদের কাছে। তাঁরা বর্ণনা করেছেন ট্রাম্প কীভাবে তাঁদের যৌন হয়রানি করেছেন। তবে কেউই ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেননি।