ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্নেইডারম্যান
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্নেইডারম্যান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে শুরু থেকেই সোচ্চার ভূমিকা পালন করছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্নেইডারম্যান। চলতি মাসে নেট নিউট্রালিটি ইস্যুতে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছে তাঁর কার্যালয়। এর মধ্য দিয়ে তাঁর কার্যালয় এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শততম আইনি পদক্ষেপটি নিতে যাচ্ছে।
ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রথম তিনটি নির্বাহী আদেশের বিরুদ্ধেই মামলা করেছিলেন এরিক শ্নেইডারম্যানের আইনজীবীরা। এ ছাড়া জন্ম নিয়ন্ত্রণ ও দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে নতুন মান ঘোষণার বিপরীতেও আইনি পদক্ষেপ নিয়েছিলেন তাঁর আইনজীবীরা। নাগরিক অধিকার থেকে শুরু করে ভোক্তাদের আর্থিক সুরক্ষা এসব কিছুই ছিল তাঁর কার্যালয়ের বিবেচনায়। বিভিন্ন অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক অ্যাটর্নিরাও এই বছর ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের বিপরীতে আইনি পদক্ষেপ নিয়েছেন। তবে এ ক্ষেত্রে নিশ্চিতভাবেই এগিয়ে আছেন এরিক শ্নেইডারম্যান, যাকে আক্ষরিক অর্থেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে শ্নেইডারম্যানের লড়াই হিসেবে উল্লেখ করা যায়।
বিজনেস ইনসাইডারকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শ্নেইডারম্যান বলেছেন, ‘নিউইয়র্কবাসীর ক্ষতি যারা করতে চায়, তাদের হাত থেকে নিজেদের লোকদের সুরক্ষা দেওয়ার চেষ্টাই করছি আমরা। নিউইয়র্কবাসীর জন্য এখন সবচেয়ে বড় হুমকিটি হচ্ছে ফেডারেল সরকার। আর তাই আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি।’
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল হিসেবে শ্নেইডারম্যান সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন। কিন্তু সম্প্রতি তাঁর কার্যালয় ফেডারেল সরকারের বিপরীতে নিউইয়র্কবাসীর জন্য এক রণব্যূহে পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে শ্নেইডারম্যানের মতোই ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জাভিয়ের বেসেরাও বেশ সোচ্চার। বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নিদের এমন আইনি পদক্ষেপে রীতিমতো নাভিশ্বাস উঠেছে ট্রাম্প প্রশাসনের। এর প্রতিক্রিয়াতেই সম্ভবত এবারের বাজেটে অ্যাটর্নি কার্যালয়ের ব্যয় সংকোচনের একধরনের প্রবণতা লক্ষ করা গেছে।
তবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থানে থাকলেও শ্নেইডারম্যানকে অন্যদের তুলনায় কিছুটা সৌভাগ্যবান বলা যায়। কারণ এমন তৎপরতার পরও শ্নেইডারম্যানের বিরুদ্ধে ট্রাম্প বর্তমানে তেমন একটা তৎপর নন। যদিও ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এই শ্নেইডারম্যানের অধীনেই তদন্ত চালানো হয়েছিল। আর এ বিষয়ে করা মামলার আপসরফা করতে শ্নেইডারম্যানের কার্যালয় ২৫ মিলিয়ন ডলার জরিমানা নিয়েছিল সে সময়। এই মামলার শুরুতে ট্রাম্প শ্নেইডারম্যানের বিরুদ্ধে তাঁর টুইটার পোস্টে যথেষ্ট বিষোদ্‌গার করলেও এখন অনেকটাই শান্ত। ২০১৪ সালে এই তদন্ত শুরুর সময় শ্নেইডারম্যানকে শিশুসুলভভাবে আক্রমণ করেছিলেন ট্রাম্প। এমনকি ‘মাদকাসক্ত’, ‘দেশের সবচেয়ে বাজে আইনজীবী’সহ নানা অভিধায় ভূষিত করেছিলেন। এমনকি শ্নেইডারম্যানের হাঁটাচলা, পোশাক কোনো কিছুই বাদ যায়নি।
বর্তমানে শ্নেইডারম্যানের বিরুদ্ধে খড়্গহস্ত না হওয়াটাকে ট্রাম্পের কৌশল মনে করছেন অনেকে। তাঁদের মতে, নির্বাচনে রুশ-সংশ্লিষ্টতা নিয়ে চলমান রবার্ট মুয়েলারের তদন্তের সঙ্গে শ্নেইডারম্যানও যাতে তৎপর না হয়ে ওঠেন, সে জন্যই ট্রাম্প কিছুটা সাবধানী।
এ বছরের শুরুর দিকে শ্নেইডারম্যানের কার্যালয় ট্রাম্পের সাবেক প্রচার প্রধান পল ম্যানাফোর্টের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছিলেন। এ তদন্ত এখন সাময়িকভাবে বন্ধ আছে। রুশ হস্তক্ষেপের বিষয়টি তদন্তে নিযুক্ত বিশেষ কৌশলীর সঙ্গে তিনি একসঙ্গে কাজ করছেন না বলে জানিয়েছেন খোদ শ্নেইডারম্যানের কার্যালয়েরই এক কর্মকর্তা।
যদিও সাক্ষাৎকারে বিশেষ কৌশলীর দলটির প্রতি শ্নেইডারম্যান শ্রদ্ধাই জানিয়েছেন। তিনি বলেন, ‘বিশেষ কৌশলীর দপ্তর যা করছে, তার প্রতি আমার ভীষণ শ্রদ্ধা রয়েছে। একটা চমৎকার দল গঠন করেছে তারা। অন্য সবার মতোই আমিও তাদের কার্যক্রম দেখছি। তারা খুব বড় কাজ করছে। তাদের এই কার্যক্রম যাতে কোনোভাবেই বন্ধ বা ভুল পথে না যায়, সেই আশাই পোষণ করি। যদি এমন কিছু হয়, তাহলে ন্যায্যতা প্রতিষ্ঠায় আমরা তা-ই করব, যা প্রয়োজন।’
মুয়েলারের নিযুক্তির শুরু থেকেই এ তদন্ত বন্ধ হয়ে যেতে পারে বলে বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এমনকি ট্রাম্প ঘনিষ্ঠ অনেকেই বিশেষ কৌশলীর তদন্তকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন তৎপরতা চালানোর চেষ্টা করছে। সময়ের সঙ্গে এই তৎপরতা বাড়ছে। যদিও মুয়েলারকে বরখাস্ত করার কোনো পরিকল্পনা নেই বলে ট্রাম্প জানিয়েছেন সম্প্রতি।
টুইটার বা প্রকাশ্যে শ্নেইডারম্যানবিরোধী কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প সাবধানতা দেখালেও বসে নেই হোয়াইট হাউস। নিউইয়র্কের এই অ্যাটর্নি জেনারেলের করা বিপুলসংখ্যক মামলার বিপরীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তারা বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে। এ বিষয়ে হোয়াইট হাউসের সংশ্লিষ্ট মুখপাত্র ডেভিন এম ও’মেলি বলেন, ‘আইনি ব্যবস্থা ফেডারেল বিচার ব্যবস্থা দ্বারা প্রতিস্থাপনযোগ্য নয়। সীমান্ত সুরক্ষা, মার্কিন জনশক্তির সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি ক্ষেত্রে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতাকে সুরক্ষা দিতে বিচার বিভাগ কাজ করে যাবে।’