ট্রাম্পের ব্যাগ গোছানোর সময় হয়েছে: বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি যাওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন তাঁর নির্বাচনী প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে গতকাল সোমবার দেশটির ওহাইও অঙ্গরাজ্যে এক প্রচার সমাবেশে এ মন্তব্য করেন বাইডেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৩ নভেম্বর (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ভোট গ্রহণ করা হবে।
গতকাল ওহাইও অঙ্গরাজ্যে বাইডেন তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণে বিশৃঙ্খলা দেখেছে।
এ প্রসঙ্গে বাইডেন বলেন, ‘আমরা যথেষ্ট বিশৃঙ্খলা, টুইট, ক্রোধ, ঘৃণা, ব্যর্থতা ও দায়িত্বহীনতা দেখেছি।’
ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী তাঁর রিপাবলিকান প্রতিপক্ষ সম্পর্কে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ব্যাগ গোছানো ও বাড়ি যাওয়ার সময় হয়েছে।’
প্রেসিডেন্ট নির্বাচিত হলে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে আনবেন বলে প্রতিশ্রুতি দেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের এই নির্বাচনে ইতিমধ্যে নয় কোটির বেশি ভোটার ডাকযোগে বা সশরীরে আগাম ভোট দিয়েছেন।
এবারের নির্বাচনে ৭০ শতাংশ বা তার বেশি ভোট পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, আগাম ভোটের ৫৪ শতাংশ ডেমোক্রেটিক এবং ৪৫ শতাংশ রিপাবলিকানদের ঝুলিতে পড়েছে।
জাতীয় জনমত জরিপে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেন এখনো ট্রাম্পের চেয়ে গড়ে ১০ পয়েন্টে এগিয়ে।