ট্রাম্পের ভাষণে বিভক্তির সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যে ভাষণ দেন, সেখানে তিনি স্পষ্ট করেই বুঝিয়েছেন নির্বাচনী প্রচারণার সময় যে বিভক্তি ও হতাশাকে পুঁজি করে তিনি হিলারি ক্লিনটনকে পরাস্ত করেন, সে রণকৌশল তিনি ত্যাগ করবেন না।
ট্রাম্প তাঁর ভাষণে যুক্তরাষ্ট্রের এক দুর্দশাগ্রস্ত চিত্র তুলে ধরেন। তাঁর ভাষণ শুনে মনে হবে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে হত্যাকাণ্ড, শহরতলিতে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে, অপরাধ ও মাদকাসক্তিতে তরুণদের জীবন যেন অপহৃত, সারা দেশের কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। তিনি ঘোষণা করেন, এই মুহূর্ত থেকে এই রক্তপাত ও দুর্দশা অবসানের সূচনা হলো।
ওয়াশিংটনের রাজনীতিবিদদের সমালোচনা করে ট্রাম্প বলেন, তাঁরা নিজেদের পকেট ভরেছেন, দেশের নাগরিকদের রক্ষা করেননি। তিনি আশ্বাস দেন, ‘আমেরিকা আবারও মহান হবে। এখন থেকে আমেরিকা আর হারবে না, একের পর এক বিজয় ছিনিয়ে আনবে।’
একাধিক ভাষ্যকার মন্তব্য করেছেন, যে বিধ্বস্ত ও পরাজিত আমেরিকার ছবি ট্রাম্প তাঁর ভাষণে চিত্রিত করেন, তার সঙ্গে বাস্তবতার মিল নেই। যুক্তরাষ্ট্র এখনো সবচেয়ে ধনী ও শক্তিধর পরাশক্তি। ২০০৮ সালের পর যুক্তরাষ্ট্র যে মন্দাবস্থায় পড়ে, বারাক ওবামার শাসনকালের আট বছরে তা অনেকখানি কেটে গেছে। দেশ ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করা শুরু করেছে। এক কোটির বেশি নতুন কর্মসংস্থান হয়েছে। ট্রাম্পের ভাষণের অন্য বৈশিষ্ট্য ছিল তাঁর আন্তর্জাতিকতাবাদ-বিরোধিতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির কেন্দ্রে ছিল বিশ্বশক্তি হিসেবে তার প্রবল উপস্থিতি ধরে রাখা। কিন্তু ট্রাম্প এক ভিন্ন, অন্তর্মুখী আমেরিকার কথা বলেন, যার একমাত্র লক্ষ্য হবে অভ্যন্তরীণ, বৈদেশিক নীতিসহ সব প্রশ্নে জাতীয় স্বার্থকে তুলে ধরা। তিনি বলেন, ‘আমাদের থাকবে দুটি সাধারণ নীতি “মার্কিন পণ্য কেনো” এবং “মার্কিনদের চাকরি দাও”।’ তিনি একাধিকবার ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান উচ্চারণ করেন।
ক্যাপিটল হিলে যে কয়েক লাখ মানুষ অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়, তাদের অধিকাংশই ছিল শ্বেতাঙ্গ, প্রধানত যাদের ভোটে ট্রাম্পের বিজয় সম্ভব হয়। ট্রাম্প তাঁর ভাষণে একাধিকবার ‘তোমরা’ কথাটি ব্যবহার করেন। এই ‘তোমরা’র মধ্যে ছিল না কোনো অভিবাসী, মুসলিম, এমনকি কোনো আফ্রিকান-আমেরিকান। ওই দিন সন্ধ্যায় যে তিনটি বল নৃত্যে তিনি অংশ নেন, সেখানেও উপস্থিত দর্শকদের দিকে আঙুল তুলে তিনি বারবার বলেন, ‘তোমাদের জন্যই এক অভূতপূর্ব আন্দোলনের জন্ম হয়েছে।’ প্রতিটি বল নৃত্যের প্রায় সব দর্শকই ছিল শ্বেতকায় ও আমেরিকার ধনাঢ্য শ্রেণির অন্তর্গত।
একাধিক ভাষ্যকার ট্রাম্পের ভাষণে ও প্রস্তাবিত নীতিতে বিভক্তির যে সুর রয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে অন্য কোনো প্রেসিডেন্ট অভিষেক ভাষণে নিজের দেশকে এভাবে পরাজিত, ধ্বংসপ্রাপ্ত, বিপর্যস্ত ও আশাহীন বলে বর্ণনা করেননি। রাজনৈতিক বিশ্লেষক এজরা ক্লাইন বারাক ওবামার প্রথম অভিষেক ভাষণের কথা স্মরণ করে লিখেছেন, ওবামা যেখানে মার্কিন নাগরিকদের ঐক্যের ভেতরে শক্তির সন্ধান করেছিলেন, ট্রাম্প সেখানে বিভক্তির ভেতরে নিজের জন্য ক্ষমতা খুঁজে পেয়েছেন। প্রগতিশীল হিসেবে পরিচিত মাদার জোন্স পত্রিকার ভাষ্যকার ডেভিড কর্ন লিখেছেন, ট্রাম্প এখনো ঘৃণা ও বিভক্তির পথ অনুসরণ করে চলেছেন।
বিশিষ্ট লেখক ক্রেইগশার্লি ওয়াশিংটন পোস্ট-এর কাছে এক মন্তব্যে বলেছেন, ট্রাম্পের ভাষণের লক্ষ্য ছিল একদিকে রিপাবলিকান পেশাদার রাজনীতিকেরা, অন্যদিকে বারাক ওবামা। তিনি বলেন, ‘অভিষেক ভাষণে আমরা ঐক্যের কথা শুনে অভ্যস্ত। কিন্তু এখানে আমরা যা শুনলাম তাকে এককথায় বলা যায় ট্রাম্পইজম বা ট্রাম্পবাদ।’
একই পত্রিকায় ভাষ্যকার মার্ক ফিশার লিখেছেন, ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক সময়মতো তিনি প্রেসিডেন্টের মতো ব্যবহার করবেন। কিন্তু এই ভাষণ থেকে স্পষ্ট তিনি বিন্দুমাত্র বদলাননি।