ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক অধিকারের পক্ষে কাজ করা সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা করেছে। এতে তারা অভিযোগ করেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিন সরকার ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করছে।
এসিএলইউ নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়া আদালতে ইয়েমেনের একজনসহ তিন ছাত্রের পক্ষে মামলাটি দায়ের করেছে। ইয়েমেনের ছাত্রটি যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে নিষেধাজ্ঞার কারণে ফিরতে পারছেন না। ওই তিনজনের প্রত্যেকেই শিক্ষার্থী ভিসাধারী।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার এক নির্বাহী আদেশে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িক নিষিদ্ধ করেন। তবে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের বিচারকেরা ওই সব দেশের নাগরিকদের মার্কিন বিমানবন্দরে আটক করার বিরুদ্ধে রায় দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে বহু মানুষ জড় হয়ে আটকের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছেন।
এসিএলইউর মামলার বাদী এবং সম-শ্রেণিভুক্তরা আশঙ্কা করছেন প্রতিবার যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং পুনপ্রবেশের চেষ্টার সময় তাঁদের অনুমতি নাও দেওয়া হতে পারে। ট্রাম্প ও তার প্রশাসন এমন নিয়ম চালু করার মাধ্যমে বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্পের বোর্ড থেকে পদত্যাগ
ওয়েবভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক তাঁর সহকর্মী এবং সাধারণ মানুষের কড়া সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শক বোর্ডের সদস্যপদ ছেড়ে দিয়েছেন। উবারের মতো আরও কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান কয়েকটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত। কারণ, তাদের ব্যবসায় এ সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়তে পারে।