ট্রাম্পের মন্ত্রিসভায় গোল্ডম্যানের আরেক নির্বাহী?
যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনে শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের আরেকজন নির্বাহীকে নিয়োগ দিতে পারেন। তিনি প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গ্যারি কন। ধারণা করা হচ্ছে, তিনি হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের নেতৃত্ব পাবেন।
গ্যারি কন ট্রাম্পের কর্মীদলে নিয়োগ পেলে সাবেক দুই সহকর্মী স্টিভেন মানচিন ও স্টিভ ব্যাননকে সঙ্গে পাবেন। তাঁরা দুজন যথাক্রমে নতুন অর্থমন্ত্রী (ট্রেজারি সেক্রেটারি) ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টার পদ পাবেন।
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা এখনো চলছে। একাধিক প্রতিবেদনের ইঙ্গিত, এই গুরুত্বপূর্ণ পদের জন্য এক্সন মোবিলের প্রধান নির্বাহী রেক্স টিলারসনের নামও বিবেচনায় রয়েছে। এর আগে এ পদের জন্য প্রবীণ রাজনীতিক মিট রমনিসহ আরও কয়েকজনের নামও আলোচনায় এসেছে। নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানিও তালিকায় ছিলেন। তবে তিনি এ ধরনের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন।
এ ছাড়া ডাউ কেমিক্যাল কোম্পানির প্রধান নির্বাহী অ্যান্ড্রু লিভেরিসকে নিজের প্রশাসনের জন্য বেছে নিয়েছেন ট্রাম্প। লিভেরিস ‘আমেরিকান ম্যানুফ্যাকচারিং কাউন্সিলের’ নেতৃত্ব দেবেন। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে ‘শিল্প উৎপাদনের ধারায় ফিরিয়ে আনতে’ তাঁকে সরকারে নিয়েছেন।