ট্রাম্পের মন্ত্রিসভায় 'ডানপন্থীরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেক্স টিলারসন, রিক পেরি,ডেভিড ফ্রিডম্যান, ও উইলবার রস
রেক্স টিলারসন, রিক পেরি,ডেভিড ফ্রিডম্যান, ও উইলবার রস

ডোনাল্ড ট্রাম্প তাঁর মন্ত্রিসভার মুখ্য আসনগুলোর মনোনয়ন সম্পন্ন করেছেন। মন্ত্রিসভায় এমন সব লোককে তিনি জড়ো করেছেন, যাঁদের অধিকাংশেরই প্রশাসনিক বা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই।
ট্রাম্পের নিজেরও রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নেই। নির্বাচনী প্রচারণার সময় তিনি নিজেকে একজন ‘বহিরাগত’ ও ‘পেশাদার রাজনীতিবিরোধী’ হিসেবে উপস্থাপন করেছিলেন। ট্রাম্প আশা করছেন, তাঁর মন্ত্রীরা প্রচলিত নিয়মবিধির বাইরে এমন সব আইনকানুন প্রস্তাব করবেন, যা ওয়াশিংটনের প্রচলিত অঙ্ক পাল্টে দেবে। রক্ষণশীলেরা তাঁর এই মনোনয়নে উল্লসিত। কিন্তু মধ্যপন্থী ও উদারনৈতিকেরা এই ভেবে উদ্বিগ্ন যে আমেরিকার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে রক্ষণশীল ও দক্ষিণপন্থী মন্ত্রিসভা হতে যাচ্ছে।
ট্রাম্প মোটামুটি তিন ধরনের মানুষকে মনোনয়ন দিয়েছেন। সামরিক বাহিনীর সাবেক জেনারেল, ওয়াল স্ট্রিটের ধনকুবের এবং তাঁর প্রতি অতি অনুগত মিত্র।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প নিজেকে একজন ‘পপুলিস্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। এখন ঠিক উল্টো সুরে কথা বলছেন। ২০০৮ সালের মন্দাবস্থার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল ব্যাংক ও বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানকে। সে কথা উল্লেখ করে ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় গোল্ডম্যান স্যাকস ও ওয়াল স্ট্রিটের অন্য ধনকুবেরদের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। কিন্তু নির্বাচিত হয়ে তিনি রাজস্ব বিভাগের দায়িত্ব দিয়েছেন সেই গোল্ডম্যান স্যাকসের সাবেক অংশীদার স্টিভেন মিনুখিনকে। বাণিজ্য বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে গোল্ডম্যান স্যাকসের আরেক অংশীদার উইলবার রসকে। ২০০৮-এর মন্দাবস্থায় যে কজন লোক উল্টো ফায়দা তুলেছেন, রস তাঁদের একজন। পরিবেশ সংরক্ষণ এজেন্সির দায়িত্ব দিয়েছেন স্কট প্রুয়িটকে, যিনি ওকলাহোমার অ্যাটর্নি জেনারেল হিসেবে সেই এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি সেই সব রিপাবলিকান নেতার একজন, যিনি জলবায়ু পরিবর্তনকে সত্য বলে মানেন না। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন শত কোটিপতি ব্যবসায়ী বেটসি ডেভসকে, দীর্ঘদিন থেকে যিনি সরকারি নিয়ন্ত্রণাধীন ‘পাবলিক স্কুল’ব্যবস্থার বদলে ব্যক্তিমালিকানায় স্কুলব্যবস্থা ছেড়ে দেওয়ার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। জ্বালানি বিভাগের দায়িত্ব দিয়েছেন টেক্সাসের সাবেক গভর্নর রিক পেরিকে, যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে পুরো জ্বালানি বিভাগকেই বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি এক্সন মবিলের বর্তমান প্রধান নির্বাহী রেক্স টিলারসনের মনোনয়নও বিস্ময়ের সৃষ্টি করেছে। তিনি অভিজ্ঞ ব্যবসায়ী, কিন্তু কূটনীতির ব্যাপারে কোনো অভিজ্ঞতা তাঁর নেই। তবে যে গুণটি টিলারসনকে ট্রাম্পের নিকটবর্তী করেছে তা হলো রাশিয়ার সঙ্গে টিলারসনের ঘনিষ্ঠতা। ক্রিমিয়া দখলের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো যে অবরোধ আরোপ করে, টিলারসন তাঁর বিরুদ্ধে। তিনি চান এসব অবরোধ তুলে নেওয়া হোক। সেটি অবশ্য কোনো নীতিগত কারণে নয়, অবরোধ তুলে নিলে রাশিয়ার সঙ্গে যে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি তিনি সম্পাদন করেছেন, তা বাস্তবায়ন করা সম্ভব হবে, সে কারণে। রাশিয়ার প্রতি টিলারসনের উদার অবস্থানের কারণে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ব্যক্তিগত সখ্য গড়ে তুলেছেন।

ট্রাম্প সর্বশেষ যে কাজটি করেছেন তা হলো ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দেউলিয়াবিষয়ক আইনজীবী ডেভিড ফ্রিডম্যানের মনোনয়ন। ইসরায়েলের প্রতি প্রবল অনুগত বলে পরিচিত নিউইয়র্ক টাইমস লিখেছে, এই পদের জন্য ফ্রিডম্যান আদৌ যোগ্য নন। কূটনীতিতে তাঁর কোনো অভিজ্ঞতাই নেই। তার চেয়েও বড় কথা, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রশ্নে তাঁর অভিমত শুধু মার্কিন নীতির পরিপন্থী নয়, ইসরায়েলের দীর্ঘস্থায়ী শান্তির জন্যও ক্ষতিকর। ইসরায়েল ও ফিলিস্তিন মধ্যপ্রাচ্যে এই দুই স্বাধীন দেশ হিসেবে টিকে থাকুক, এই নীতির পক্ষে যুক্তরাষ্ট্র বরাবর সমর্থন দিয়েছে। ইসরায়েলেও এই নীতির প্রতি অধিকাংশের সমর্থন রয়েছে। ফ্রিডম্যান এই ‘দুই রাষ্ট্রনীতির’ বিপক্ষে।

মন্ত্রিসভার বাইরে তাঁর উপদেষ্টা হিসেবে ট্রাম্প যাঁদের নিয়োগ দিতে যাচ্ছেন, তাঁদের অনেকেই বর্ণবাদী ও শ্বেত শ্রেষ্ঠত্ববাদী হিসেবে পরিচিত। তাঁদের অন্যতম হলেন স্টিভ ব্যানন, যাঁকে চিফ অব স্টাফের সমমর্যাদায় জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্য জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিভেন মিলারও শ্বেত শ্রেষ্ঠত্ববাদীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য পরিচিত।