
রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য আঁতাত খতিয়ে দেখতে নিয়োগপ্রাপ্ত বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের দাখিল করা অভিযোগ যখন সোমবার খোলা হয়, তখন প্রাথমিকভাবে সাড়া ফেলে দেয় ট্রাম্পের সহযোগী পল ম্যানাফোর্টের অভিযুক্ত হওয়ার তথ্য। তবে ট্রাম্পের জন্য উদ্বেগের মূল কারণ এটা নয়।
মার্কিন প্রেসিডেন্টের জন্য আরও বড় উদ্বেগের কারণ তাঁর সাবেক উপদেষ্টা জর্জ পাপাডোপুলস। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের বৈদেশিক নীতিবিষয়ক উপদেষ্টা আইনজীবী জর্জ পাপাডোপুলস স্বীকার করেছেন, তিনি রুশ সম্পৃক্ততা নিয়ে এফবিআইয়ের কাছে মিথ্যা বলেছিলেন। আগে স্বীকার না করলেও তিনি তদন্ত কর্মকর্তাদের বলেন, গত বছরের এপ্রিলে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প শিবিরের বৈঠকের জন্য তিনি রুশ-ঘনিষ্ঠ এক অধ্যাপকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
পল ম্যানাফোর্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার দায়িত্বে ছিলেন। তাই তাঁর অভিযুক্ত হওয়া নিয়ে মাতামাতি বেশি ছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে আনা কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ নির্বাচনী প্রচারণার প্রধান হওয়ার আগের। তাই বেশ দ্রুতই টুইট করে ট্রাম্প দাবি করেন, এই অভিযোগের সঙ্গে তাঁকে জড়ানো অর্থহীন। কিন্তু পাপাডোপুলসের স্বীকারোক্তি ট্রাম্পের জন্য বড় সমস্যার কারণ হয়ে উঠেছে। এই আইনজীবীর সঙ্গে গত জুলাই থেকেই যোগাযোগ করছিলেন রবার্ট মুলার। তখন তাঁকে গ্রেপ্তার করা হয়। অক্টোবরে তিনি মিথ্যা বলার দোষ স্বীকার করেছেন।
পাপাডোপুলস-সংক্রান্ত এফবিআই নথিতে বলা হয়েছে, ২০১৬ সালের মার্চে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যুক্ত হন তিনি। পরের মাসে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ এক অধ্যাপক তাঁকে বলেন, রাশিয়ার কাছে হিলারি ক্লিনটনের (তৎকালীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী) সম্পর্কে ‘নেতিবাচক’ তথ্য রয়েছে। এফবিআইয়ের নথিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি লেখা আছে তা হলো, পাপাডোপুলস ট্রাম্পের প্রচারণা শিবিরে যুক্ত হচ্ছেন, এটা নিশ্চিত হওয়ার পরই মস্কো-ঘনিষ্ঠ ওই অধ্যাপক তাঁর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। ওই বছরের ২৬ এপ্রিল লন্ডনে একটি হোটেলে অধ্যাপকের সঙ্গে সাক্ষাৎ করেন পাপাডোপুলস। অধ্যাপক এর আগে মস্কো থেকে ফিরেছিলেন। সেখানে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয়। তাঁরা জানান, তাঁদের কাছে হিলারি সম্পর্কে অনেক নেতিবাচক তথ্য রয়েছে।
অথচ গেল জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাপাডোপুলস রুশ-সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে এফবিআইয়ের কাছে মিথ্যা বলেছিলেন।
তবে ট্রাম্প-ঘনিষ্ঠরা বলছেন, ট্রাম্পের প্রচারণা শিবিরে পাপাডোপুলস গুরুত্বপূর্ণ কোনো ভূমিকায় ছিলেন না।
কিন্তু ম্যানাফোর্টের বিষয়টি বাতিল করা ট্রাম্প ও তাঁর সহযোগীদের জন্য যতটুকু সহজ হবে, পাপাডোপুলসের ক্ষেত্রে তত সহজ হবে না।