ট্রাম্পের মৃত্যু কামনার বার্তা নিষিদ্ধ করল টুইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করে দেওয়া সব পোস্ট নিষিদ্ধ করে তা সরিয়ে ফেলেছে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার। কারও মৃত্যু কামনা করে পোস্ট দিলে প্রয়োজনে ওই ব্যবহারকারীর বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নতুন নীতিমালায় জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ার পর ২ অক্টোবর রাতে টুইটার এক অফিশিয়াল পোস্টে এমন নীতিমালা ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কারও মৃত্যু বা মারাত্মক ক্ষতি কামনা করে পোস্ট দিলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলা হবে।

টুইটার কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ‘দ্য স্কোয়াড’ নামে পরিচিত যুক্তরাষ্ট্র কংগ্রেসের চার প্রগতিশীল নারী সদস্য। এই চারজন হলেন—নিউইয়র্কের ডেমোক্রেটিক প্রতিনিধি আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, মিশিগানের রাশিদা তালিব, মিনেসোটার ইলহান ওমর ও ম্যাসাচুসেটসের আইয়ানা প্রিসলি

টুইটার কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ‘দ্য স্কোয়াড’ নামে পরিচিত যুক্তরাষ্ট্র কংগ্রেসের চার প্রগতিশীল নারী সদস্য। এই চারজন হলেন—নিউইয়র্কের ডেমোক্রেটিক প্রতিনিধি আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, মিশিগানের রাশিদা তালিব, মিনেসোটার ইলহান ওমর ও ম্যাসাচুসেটসের আইয়ানা প্রিসলি। তাঁরা বলছেন, ‘আমাদের বেলায় এমন নীতি কোথায় ছিল?’

দ্য স্কোয়াডের সদস্যরা বলছেন, টুইটারসহ নানা সামাজিক মাধ্যমে তাঁদের অনেক হুমকি দিয়ে পোস্ট দেওয়া হয়েছে, এ ব্যাপারে টুইটারকে তো কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

২ অক্টোবর সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে প্রেসিডেন্টের মৃত্যু কামনা করা হচ্ছে—এমন তথ্য প্রকাশিত হওয়ার পর টুইটার কর্তৃপক্ষ ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, যেকোনো ব্যক্তির মৃত্যু, মারাত্মক শারীরিক ক্ষতি অথবা মারি-রোগ হোক এমন কামনা করে কোনো পোস্ট দেওয়া যাবে না। এমন টুইট বার্তা সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া হবে।

রাশিদা তালিব বলেন, ‘আমাদের হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। টুইটার কর্তৃপক্ষের এই বিষয়টি আরও সিরিয়াসলি নেওয়া উচিত ছিল।

কংগ্রেসওমেন ওকাসিও কর্টেজ, ইলহান ওমর ও প্রিসলিও একই রকম টুইট বার্তায় স্মরণ করিয়ে দেন, তাঁদের বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে পোস্ট করা হলেও, তা সিরিয়াসলি নেয়নি টুইটার কর্তৃপক্ষ।

এই স্কোয়াডের চার সদস্য সচরাচর সামাজিক মাধ্যমে ঘৃণা এবং হুমকির শিকার হয়ে আসছেন। তাঁদের মৃত্যু কামনা করে অনেক টুইট বার্তা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে টুইটারের একজন মুখপাত্র বলেন, ‘আমরা টুইটারে সুস্থ কথোপকথনের ওপর দৃষ্টি রাখি এবং ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করি। অপব্যবহার ও হয়রানিমূলক কোনো পোস্টের স্থান এখানে নেই। এই নীতিমালা সবার জন্য প্রযোজ্য। কারও মৃত্যু বা ক্ষতি কামনা করে কোনো পোস্ট আমরা এখানে রাখতে দেব না। যদি কেউ এমন পোস্ট করে তাহলে ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হোয়াইট হাউস থেকে মাস্ক পরে হেলিকপ্টারে ওঠেন ট্রাম্প। তাঁকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছবি: রয়টার্স

করোনায় সংক্রমিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় ২ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১ অক্টোবর ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা শনাক্ত হয়। ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা করোনায় সংক্রমিত হওয়ার পর তাঁদের করোনা শনাক্ত হয়। প্রেসিডেন্টের চিকিৎসক সিন কনলি এক বিবৃতিতে স্থানীয় সময় ৩ অক্টোবর জানান, ট্রাম্পের জ্বর সেরেছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে তিনি বিপদমুক্ত নন।